রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক ৪ ঘটনায় ৫ জন নিহত হয়েছে। পুরান ঢাকার সদরঘাটের একটি মার্কেটে মালামাল ওঠানামার লিফট ছিঁড়ে নিহত হয় ২ শ্রমিক। অন্যদিকে রূপনগর, যাত্রাবাড়ী ও মিরপুরে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছে আরো ৩ জন।
সূত্রাপুর থানার এস আই কাওসার আলী জানান, সদরঘাটের গ্রেট ওয়াল মার্কেটের ১০ তলার ছাদ থেকে গতকাল সকাল ৭টার দিকে লিফট দিয়ে মালামাল নামানো হচ্ছিল। এ সময় তৃতীয় তলায় লিফটটি আসার পর ছিঁড়ে গিয়ে মার্কেটের পাশে বৈদ্যুতিক তারের উপর পড়ে। এতে ঐ লিফটে থাকা ২ শ্রমিক হাবিবুর রহমান (২৪) ও নবাব (২৫) বিদ্যুত্ স্পৃষ্ট হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাদের মৃত ঘোষণা করে। এদিকে রূপনগরের বেড়িবাঁধ এলাকায় গতকাল সকাল ১১টার দিকে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় জরি বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রূপনগর থানার এসআই মনিরুজ্জামান জানান, জরি বেগম তার মেয়ে মিনারা বেগমকে সঙ্গে নিয়ে গাজীপুর থেকে মিরপুর শাহআলী মাজার জিয়ারত করতে আসেন। জিয়ারত শেষে তারা চিড়িয়াখানায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে রাস্তায় একটি পিকআপ জরি বেগমকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ পিকআপ ভ্যান ও তার চালককে আটক করেছে।
যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকায় গতকাল সকাল ১১টার দিকে লেগুনার ধাক্কায় স্থানীয় জামিয়া উলুম মাদ্রাসার আব্দুর রহমান (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতের চাচা আবুল কালাম জানান, মীর হাজিরবাগ এলাকায় রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটি লেগুনা পিছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করে। মিরপুর থানার এসআই আবুল খায়ের জানান, মিরপুর গ্রামীণ ব্যাংক ভবন সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে গতকাল সকাল ১০টায় মনিরুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নির্মাণ কাজের জন্য বাঁশের মাচা তৈরি করার সময় একটি বাঁশ ভবনের পাশে বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করে।
