রাসায়নিক অস্ত্রের তথ্য দিল সিরিয়া

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২৩:১১
রাসায়নিক অস্ত্রের তথ্য দেয়া শুরু করেছে সিরিয়া। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় করা চুক্তি অনুযায়ী রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার কাছে গতকাল শুক্রবার এ তথ্য দেয় সিরিয়া সরকার। এদিকে দেশটির আজাজ শহরে কয়েকদিনের লড়াইয়ের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বিদ্রোহীরা। খবর বিবিসি ও রয়টার্সের। গতকাল জাতিসংঘ সমর্থিত অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনসের (ওপিসিডব্লিউ) মুখপাত্র মাইকেল লুহান বলেন, ‘আমরা আংশিক তথ্য পেয়েছি এবং বাকি তথ্য পাওয়ার অপেক্ষায় আছি।’ উল্লেখ্য, সিরিয়াকে আজ শনিবারের মধ্যে রাসায়নিক অস্ত্রের সম্পূর্ণ তথ্য দেয়ার সময়সীমা বেধে দেয়া হয়েছিল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র হস্তান্তর বা ধ্বংসের বিষয়ে একটি চুক্তি হয়, যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের হাত থেকে আপাত রক্ষা পায় আসাদ সরকার। হেগভিত্তিক সংস্থা ওপিসিডব্লিউ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের নিয়ন্ত্রণে থাকা রাসায়নিক অস্ত্র ধ্বংস বা হস্তান্তর কার্যক্রম তদারক করবে। আগামীকাল এ বিষয়ে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে। সিরিয়ার আজাজ শহরে কয়েকদিনের লড়াইয়ের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই বিদ্রোহী দল ‘ফ্রি সিরিয়ান আর্মি’ এবং ‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড সিরিয়া’ (আইসিস)। আল কায়েদা সংশ্লিষ্ট ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া বুধবার পশ্চিমা-সমর্থিত বিদ্রোহী দল ‘ফ্রি সিরিয়ান আর্মি’র কাছ থেকে উত্তরাঞ্চলীয় ওই শহরটি দখল করে নেয়। দুই দলের লড়াইয়ে শহরটিতে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরেকটি যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। কিন্তু এখন দু’পক্ষ বন্দি বিনিময়সহ অন্যান্য পদক্ষেপ নিতে রাজি হয়েছে। নর্দান স্টর্ম ব্রিগেডের ফেইসবুকে পোস্ট করা হয়েছে একটি যুদ্ধবিরতি চুক্তি। এতে দু’পক্ষেরই সই আছে। এ চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি করা, বন্দিমুক্তি দেয়া এবং তুরস্কের সঙ্গে সীমান্ত ফাঁড়ির দখল সংক্রান্ত বিরোধ নিয়ে বিদ্রোহী আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে দেশের অন্যান্য স্থানে দুই দলের বিদ্রোহীদের মধ্যে সংঘাতে এ যুদ্ধবিরতির কোনো প্রভাব পড়বে কিনা তা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না।