পুলিশের কনষ্টেবল থেকে সাব-ইন্সপেক্টর বা এসআই পদমর্যাদার সদস্যদের মূল বেতনের ৩০ ভাগ ঝুঁকি ভাতা হিসাবে কার্যকর করা হয়েছে। গত বুধবার এ সংক্রান্ত একটি আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে।
বর্তমানে পুলিশে প্রায় ১ লাখ ৫০ হাজার সদস্য কর্মরত রয়েছেন। এদের মধ্যে কনষ্টেবল থেকে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য ১ লাখ ৪৪ হাজার ২শ’। মাঠ পর্যায়ে পুলিশের কনষ্টেবল, এএসআই, সার্জেন্ট ও এসআই পদমর্যাদার সদস্যরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করেন। এর আগে গত বছর কনষ্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা প্রদানের একটি প্রস্তাব পুলিশ সদর দফতর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এই প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর পর সেখান থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা প্রদানের বিষয়টি বাদ দেয়া হয়। অর্থ মন্ত্রণালয় এর যুক্তি হিসাবে দেখায় যে, ইন্সপেক্টর পদটি প্রথম শ্রেণীর পদ। বাংলাদেশে প্রথম শ্রেণী পদমর্যাদার কর্মকর্তাদের ঝুঁকি ভাতা দেয়ার বিধান নেই। পরে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হলে অর্থ মন্ত্রণালয়ের সংশোধিত অংশকে সমর্থন করে অনাপত্তি দেয়া হয়। সেপ্টেম্বর মাস থেকেই ঝুঁকি ভাতা কার্যকর করার নির্দেশ দেয়া হয়। পুলিশ বাহিনীতে এ ঝুঁকি ভাতা বাস্তবায়ন করা হলে বছরে অতিরিক্ত ৩০৫ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হবে।
