সামপ্রতিক সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর প্রেক্ষিতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানিগুলোর কাছে শেয়ার দর বৃদ্ধির কোন কারণ রয়েছে কিনা তা জানতে চেয়ে নোটিস দিয়েছে। জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির পেছনে মতো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে ১৭টি কোম্পানি তাদের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। সে কোম্পানিগুলো হলো: রহিম টেক্সটাইল, স্টাইল ক্রাফট, সিভিও পেট্রোকেমিক্যালস, জেএমআই সিরিঞ্জ, দেশ গার্মেন্টস, সোনারগাঁও টেক্সটাইল, মডার্ণ ডাইং, দুলা মিয়া কটন, রহিমা ফুড, সাফকো স্পিনিং, মুন্নু জুট স্টাফালার্স, লিবরা ইনফিউশন, আনোয়ার গ্যালভানাইজিং, লিগাসি ফুটওয়ার, বিডি অটোকারস, এএমসিএল (প্রাণ) এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত এক মাসে এ কোম্পানিগুলোর শেয়ারের দর তর তর করে বেড়ে যায়। কিছু কোম্পানির ক্ষেত্রে ২০০ শতাংশেরও বেশি শেয়ার দর বেড়েছে। গড়ে এ কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে প্রায় ১০০ ভাগ। তাছাড়া কিছু কোম্পানির ক্ষেত্রে গত এক মাসে শেয়ার দর বেড়েছে তিনশ’ থেকে পাঁচশ’ টাকা পর্যন্ত। কোন মূল্য সংবেদনশীল তথ্য না থাকার পরও এভাবে শেয়ার দর বেড়ে যাওয়ার পেছনে কারসাজি চক্রের হাত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাজারের স্বার্থে এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যকরী পদক্ষেপ নেয়া দরকার বলেও মনে করেন তারা।
