দুই কোরিয়ার যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের আয়োজন স্থগিত করেছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার উত্তর কোরিয়া এই ঘোষণা দেয়। এই সিদ্ধান্ত উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক সময়ের চেষ্টাকে বাধাগ্রস্ত করবে।— খবর বিবিসির।
শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য উত্তরের যে সংস্থাটি কাজ করছিল তাদের পক্ষ থেকে কেসিএনএ সংবাদ সংস্থায় দেয়া এক বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, দক্ষিণ কোরিয়া ঔদ্ধত্যপূর্ণ কথা বলছে। তারা কিছুতেই সিউলের এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা যা দন্দ্বকে আরো তীব্রতর করে তা মেনে নেবে না। তারা (দক্ষিণ কোরিয়া) যতক্ষণ পর্যন্ত না কথাবার্তা ও আলোচনার জন্য স্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে ততক্ষণ পর্যন্ত উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবার ও স্বজনদের পুনর্মিলন আয়োজন স্থগিত থাকবে।
দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী বুধবার থেকে উত্তর সীমান্তের মাউন্ট কুমগাং রিসোর্টে ছয় দিনের এই পুনর্মিলনীতে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিচ্ছিন্ন হয়ে পড়া পারিবারগুলো তাদের স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার কথা ছিল।
