দক্ষিণ এশিয়ার মানুষ একযোগে কাজ করলে দারিদ্র্য দূর করা সম্ভব

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষ একযোগে কাজ করলে সুন্দর জীবন-যাপন, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ এবং মৌলিক চাহিদা পূরণ সম্ভব হবে। গতকাল শনিবার চীনের কুনমিং হাইজেং কনভেনশন হলে আন্তর্জাতিক শান্তি দিবস এবং চীন-দক্ষিণ এশিয়া শান্তি ও উন্নয়ন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘এডুকেশন ফর পিস কো-অপারেশন ফর উইন আউটকাম : কমন অ্যাসপিরেশন অব দ্যা রিজন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্পিকার। সংসদ সচিবালয় জানায়, স্পিকার তার প্রবন্ধে দক্ষিণ এশিয়া অঞ্চলের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমাদেরকে ‘শান্তি-শিক্ষা’র মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করে আঞ্চলিক সমঝোতা প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্য চেমন আরা বেগম এমপি, চীনের ভাইস প্রেসিডেন্ট লি জুয়ান চাউ, আফগানিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার আব রৌফ ইব্রাহিমি, চীনের ইউনান প্রদেশের গভর্নর লি জি হেং প্রমুখ আলোচনায় অংশ নেন। এসময় চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আজিজুল হক উপস্থিত ছিলেন।