বিভিন্ন স্থান থেকে ৪টি লাশ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
দেশের বিভিন্ন স্থান থেকে চারজনের লাশ উদ্ধার হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নান্দাইল (ময়মনসিংহ) নান্দাইল উপজেলার চরকামটখালী এলাকার খালেরপাড় থেকে গত শুক্রবার রাতে হোসেন আলীর পুত্র শাহাবউদ্দিন (৪২) নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রহমান নামে এক বৃদ্ধকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। লাশ উদ্ধার করে পুলিশ গতকাল শনিবার ময়না তদন্তের জন্যে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে। নান্দাইল মডেল থানার এসআই মাহমুদুল হাসান জানান, নিহতের ভাই আবুল কাশেম বাদী হয়ে গতকাল শনিবার থানায় মামলা দায়ের করেন। রাজশাহী রাজশাহী মহানগরীর জিয়ানগরে পদ্মা নদী থেকে গত শুক্রবার দুপুরে আবদুল গফুর (৬১) নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার সকালে নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যান। দিনভর খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। গত শুক্রবার দুপুরে জিয়ানগর এলাকায় ভেসে ওঠে। চুনারুঘাট (হবিগঞ্জ) ঢাকা-সিলেট পুরান মহাসড়কের নরপতি কালাপুলে গত শুক্রবার সকালে নবজাতক এক ছেলে শিশুর লাশ পাওয়া গেছে। চুনারুঘাট থানা ওসি শেখ কবিরুল ইসলাম নবজাতক শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। বড়াইগ্রাম (নাটোর) বরিশালের মেহেন্দিগঞ্জে নদী থেকে গত শুক্রবার সকালে সদর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম দুখুর হত্যা মামলার আসামি মোবারক হোসেনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোবারক উপজেলার বাগডোব গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানায় মামলা হয়েছে।