মা পৃথিবীর সবচেয়ে আপনজন। আর সেই মা’কে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলো সন্তানরা। এ ঘটনা কুমিল্লার মনোহরগঞ্জের খিলা ইউনিয়নের দাঁড়াচৌ গ্রামে। নির্যাতিত ওই মা মৃত এহসাক মিয়ার স্ত্রী, ৩ সন্তানের জননী জাহেরুন নেছা (৮৫)।
উপজেলার দাঁড়াচৌ গ্রামের মৃত এহসাক মিয়ার স্ত্রী জাহেরুন নেছা ২ ছেলে ও ১ মেয়ের জননী। বছর দশেক আগে স্বামীর মৃত্যুর পর ২ ব্যবসায়ী ছেলে ফয়েজ আহমদ ও ফরিদুল ইসলাম তার দিকে ফিরেও তাকায়নি। অসহায়-দরিদ্র বৃদ্ধা জাহেরুন বাঁচার তাগিদে মানুষের সহযোগিতায় দিন কাটাতে থাকে। স্বামীর রেখে যাওয়া সামান্য সম্পত্তি ছিল তার নিয়ন্ত্রণে। এতে বাধসাদে তার সন্তানরা। গত কয়েক বছর যাবত্ সম্পত্তি বিক্রি করে ব্যবসায় পুঁজি দেয়ার জন্য পাষণ্ড ২ ছেলে মাকে চাপ দিতে থাকে এবং নানা নির্যাতন চালায়। বুধবার সম্পত্তির দাবিতে ওই বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তার ২ ছেলে। অবশেষে শারীরিক-মানসিক অত্যাচার সইতে না পেরে জাহেরুন পাষণ্ড ২ ছেলের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা স্বীকার করে তদন্ত কর্মকর্তা মনোহরগঞ্জ থানার এএসআই এনায়েতুর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
