জেলা জামায়াত আজ রবিবার মেহেরপুরে আধবেলা হরতাল ডেকেছে। জেলা জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমির মাওলানা তাজউদ্দীন খানসহ নেতা-কর্মীদের-গ্রেফতার ও পুলিশের গুলিতে শিবির কর্মী নিহত হওয়ার প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়। ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালন করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাওলানা তাজউদ্দীন খানকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। দলের নেতা-কর্মীদের উপর জুলুম-নির্যাতন ও হয়রানি করছে পুলিশ। গত বৃহস্পতিবার হরতাল পালনের সময় শান্তিপূর্ণ কর্মসূচিতে মুজিবনগর উপজেলার গৌরিনগর এলাকায় পুলিশের গুলিতে দারিয়াপুর গ্রামের শিবির কর্মী দেলোয়ার হোসেন নিহত হয়েছেন।
