স্পোর্টস রিপোর্টার
এবার বিশ্বকাপে যে রানবন্যা হতে যাচ্ছে, তাতে যেনো কারো কোনো সন্দেহ নেই। যা একটু দ্বিধা ছিলো, তা দূর করে দিয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের সিরিজ। প্রতিটা ইনিংসে সাড়ে তিনশ পার করা স্কোর হচ্ছে। এ অবস্থায় বিশ্বকাপে একটা দুটো ম্যাচে ৫০০ রান হয়ে যেতে পারে, এমনটাই অসম্ভব কিছু না। আর এই সম্ভাবনা মাথায় রেখেই সমর্থকদের জন্য সুভ্যেনির স্কোরকার্ড নতুন করে ছাপাচ্ছে ইসিবি।
ইংল্যান্ডের মাঠগুলোতে সমর্থকদের জন্য সুভ্যেনির স্কোরকার্ড কেনার একটা সুযোগ থাকে। প্রতি ম্যাচের শেষেই এক বা দুই পাউন্ডে কিনতে পাওয়া যায় এই স্কোরকার্ড। এখানে রানটা আগে থেকে ছাপানো থাকে; ম্যাচশেষে প্রকৃত রান চিহ্নিত করে নেওয়ার ব্যবস্থা থাকে। এতোদিন পর্যন্ত এই স্কোরকার্ডে সর্বোচ্চ ৪০০ রান ছাপা থাকতো। এবার আয়োজকরা মনে করছেন, চারশ রান পার হয়ে যেতে পারে। তাই নতুন করে এই স্কোরকার্ডগুলো ছাপানো হচ্ছে। যেখানে সর্বোচ্চ ৫০০ রান অবধি ছাপানো থাকবে।
ব্রিটিশ সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ লিখেছে বিশ্বকাপের পরিচালক স্টিভ এলওয়ার্দির সাথে বৈঠক শেষে এই স্কোরকার্ড নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন, তারা ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে এরকম রানবন্যা দেখেই মনে করছেন, পুরোনো স্কোরকার্ডে আর কাজ হবে না।
