কুমিল্লার চান্দিনায় একটি মোটর গ্যারেজসহ হার্ডওয়্যার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়। শনিবার রাতে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের রসুলপুর বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি মোটর গ্যারেজের নয়টি সিএনজি চালিত অটোরিকশা, গ্যারেজ ও একটি হার্ডওয়্যার দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে চান্দিনা ফায়ার স্টেশনের একটি ইউনিট আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। চান্দিনা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারেক সরকার জানান, আমরা গভীর রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি। এদিকে পরদিন রবিবার দুপুরে সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন বক্সীসহ প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
