জেলার ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে পুরাতন ভবনের শিশু ওয়ার্ডের ছাদের আস্তর খসে রোগীর অভিভাবক নূর ভানুসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবিকা জানান, হঠাত্ শিশু ওয়ার্ডের ছাদের কয়েকটি স্থানের আস্তর খসে পড়তে থাকলে রোগীদের অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে আতংকে ছোটাছুটি করতে থাকে। এ সময় কয়েকজন আহত হয়। এছাড়া আস্তরের একটি বড় অংশ নূর ভানুর গায়ে পড়লে তিনি গুরুতর আহত হন। আহত নূর ভানু ৭ বছরের শিশু আলী আকবরের মা। তিনি জেলার সদর উপজেলার চর জিয়া উদ্দিন গ্রামের মৃত আমজাদ হোসেনের স্ত্রী।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুসলেহ উদ্দিন বলেন, পুরাতন ভবনটি মেরামত ও সংস্কার না করায় জরার্জীণ অবস্থার মধ্যে রোগীদের রাখতে হয়েছে। আকস্মিক এ দুর্ঘটনার পর দ্রুত ঐ ওয়ার্ডে ভর্তি থাকা ৬০ শিশুকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তিনি নূর ভানু গুরুতরভাবে আহত হওয়ার অস্বীকার করেছেন। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাছিম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ২ প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়েছে। জেনারেল হাসপাতালে এ পুরাতন ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ। দ্রুত এ ভবনটির সংস্কার কাজ শুরু হবে।
