আওয়ামী লীগ নেতা ইনামুল হক দানুর ইন্তেকাল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৫
বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু (৬৭) গতকাল রবিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। আজ সোমবার বাদ জোহর চট্টগ্রাম জামিয়াতুল ফালহা মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে চকবাজারস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। কাজী ইনামুল হক দানুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক শোক বিবৃতিতে তিনি বলেন, মরহুম কাজী ইনামুল হক দানু ছাত্র জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি নেন। মুক্তিযুদ্ধে তিনি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রী কাজী ইনামুল হক দানুর রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দীর্ঘদিন হূদরোগে ভুগছিলেন। দুই মাস আগে ভারতে তার অস্ত্রোপচার হয়। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। ২০০৬ সালে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক মনোনীত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক শোক বিবৃতিতে বলেন, কাজী ইনামুল হক দানু মানুষের মুক্তির জন্য সারাজীবন কাজ করে গেছেন।