সাজগোজ করার পর সুগন্ধি বা পারফিউম দেওয়া অনেক দিনের রেওয়াজ। সুগন্ধি বা পারফিউম না দিলে সাজ যেন অপূর্ণই থেকে যায়। তবে পারফিউম যে শুধু সাজগোজের অংশ হিসেবে ব্যবহার করা হয় তাই নয়, এর মিষ্টি গন্ধ প্রকাশ করে যেকোনো নারী-পুরুষের ব্যক্তিত্ব ও রুচিকে। তাই প্রত্যেকেই পারফিউম দিতে পছন্দ করে। এ নিয়ে আমাদের এবারের আয়োজনে লিখেছেন রিয়াদ খন্দকার
মানুষ যে দিন থেকে নিজের সৌন্দর্য সম্পর্কে সচেতন হয়েছে, অন্যের কাছে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চেয়েছে, বলা যায় তখন থেকেই পারফিউমের ব্যবহার শুরু হয়েছে। হাতের কাছে হাজারো ধরনের ফল, ফুলের মিষ্টি গন্ধ নিজের শরীরে ধারণ করার আকাঙ্ক্ষাই জন্ম দেয় পারফিউমের। ভূতত্ত্ববিদরা তাই প্রায় সব প্রাচীন সভ্যতায় পারফিউম ব্যবহারের নিদর্শন পেয়েছেন। মেসোপটেমিয়া থেকে মিসর, প্যালেস্টাইন, রোম, গ্রিস কোনো সভ্যতাই এর বাইরে ছিল না। আমাদের নানা ধর্মীয় উত্সবে ‘আতর’ বলে যার উল্লেখ পাওয়া যায় তা আসলে সুগন্ধিই। তবে ভারতের প্রথম মুঘল সম্রাট বাবর এ দেশের মানুষের সঙ্গে পারফিউমের পরিচিতি ঘটান সবার আগে। সেই পারফিউম ছিল পারশিয়ান স্টাইলের। যদিও সে সময়ের যাবতীয় পারফিউমই ছিল নানা ধরনের সুগন্ধি তেলের তৈরি। তবে পরবর্তীকালে ইউরোপ প্রথম পারফিউম তৈরি করে ব্যবসায়িকভাবে দেশে বিদেশে ছড়িয়ে দেয়। ১৩২০ খ্রিস্টাব্দে প্রথম অ্যালকোহল বেজড পারফিউম তৈরি করে হাঙ্গেরি। সাজগোজের আনুষঙ্গিক হিসেবেই অনেকে পারফিউম নির্বাচন করে। নিজের পোশাক-আশাকের মতোই পারফিউম ব্যবহারেও পছন্দ থাকা দরকার। ডিজাইনার পারফিউম, ডিজাইনার হ্যান্ডব্যাগ, ড্রেস ইত্যাদির মতোই। সকাল-বিকাল, শীত-গ্রীষ্ম সব সময়ের জন্য ভিন্ন ধরনের। কিন্তু যেকোনো ব্যক্তির প্রথম কোনো পারফিউম ব্যবহারের আগে একবার কানের পেছনে লাগিয়ে পরীক্ষা করে নেওয়া দরকার, কোনো অ্যালার্জি হয় কি না। না হলে নির্দ্বিধায় তা ব্যবহার করা যায়। তবে কোনো জায়গায় পারফিউম লাগিয়েই তার গন্ধ নিলে সঠিক ধারণা নাও পাওয়া যেতে পারে। সামান্য স্প্রে করে, খানিকক্ষণ অপেক্ষা করা দরকার। অ্যালকোহল উবে গেলে তখনই আসল গন্ধটা বের হয়।
দীর্ঘক্ষণ পারফিউম ধরে রাখতে
শুধু পারফিউম ব্যবহার করলেই চলবে না। এমনভাবে ব্যবহার করতে হবে যেন তা আপনাকে দীর্ঘক্ষণ সঙ্গ দেয়। আপনি যে পারফিউমই ব্যবহার করেন না কেন, কয়েকটি পন্থা অবলম্বন করলে সহজেই তা ধরে রাখতে পারবেন অনেকক্ষণ।
++ পারফিউম প্রয়োগের সবচেয়ে উপযুক্ত সময় হলো গোসলের পর, অর্থাত্ আপনার শরীর যখন পরিষ্কার ও শুভ্র থাকবে।
++ শরীরের যেইসব স্থানে আপনি পারফিউম প্রয়োগ করবেন সেই স্থানগুলো অবশ্যই আর্দ্র হতে হবে। এজন্য ওই স্থানগুলোতে ভালোভাবে ময়েশ্চারাইজার বা লোশন দিন।
++ আপনার সাবান, লোশন এবং পারফিউম হতে হবে একই ধরনের ফ্রাগরেন্স-যুক্ত। যেমন আপনি যদি ফুলের সৌরভের পারফিউম ব্যবহার করতে চান তাহলে সাবান আর লোশনও ফুলের সৌরভের হতে হবে। কিন্তু এক্ষেত্রে পারফিউম যদি হয় চকোলেট ফ্লেভারের তবে একটি আরেকটিকে কম করে দেবে।
++ এমন স্থানগুলোতে পারফিউম প্রয়োগ করুন যেখানে রক্ত চলাচল বেশি। যেমন :গলা, হাতের কব্জি, কানের পেছনে, বুকে, হাতের কুনুই, হাঁটুর পেছন দিকে ইত্যাদি।
++ আপনার পারফিউম যত তীব্র হবে তত দূর থেকে তা প্রয়োগ করতে হবে। তবে মোটামুটি ৫-৬ ইঞ্চি দূর থেকে প্রয়োগ করলে ভালো।
++ পারফিউম প্রয়োগের পর সেই স্থান না শুকানো পর্যন্ত হাত দেবেন না। স্বাভাবিকভাবে তা শুকাতে দিন।
দরদাম
ব্র্যান্ড, নন-ব্র্যান্ড যাই হোক আমাদের দেশে বিখ্যাত সব ব্র্যান্ডের পারফিউম রয়েছে বিভিন্ন দোকানে। কেলভিন ক্লেইনের দাম পড়বে ১ হাজার ৭৫০ থেকে ৩ হাজার, চ্যানেল ফাইভের দাম পড়বে ৯ হাজার ২০০, গিভেনচির দাম পড়বে ২ হাজার ৬০০ থেকে ৫ হাজার, ডানহিল ২ হাজার ২০০ থেকে ৩ হাজার, বিউটিফুল ৪ হাজার থেকে ৫ হাজার ৫০০, হুগো বস ৩ হাজার ২০০ থেকে ৪ হাজার, এসতে ল্যাডর ৩ হাজার, নিনারিচ্চির দাম পড়বে ২ হাজার ৭০০ থেকে ৪ হাজার, ডেভিডং কুল ওয়াটারের দাম পড়বে ১ হাজার ২৫০ থেকে ৩ হাজার টাকা। বিভিএল গারির দাম ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার, ক্রিস্টিয়ান ডিওর ৫ হাজার থেকে ১০ হাজার, ব্লু-লেডি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা। এ ছাড়া আরও নামি ব্র্যান্ডের পারফিউম পাওয়া যাবে পারফিউমের দোকানগুলোতে। বিশ্বের বড় বড় সেলিব্রেটির নামেও পারফিউম রয়েছে। জেনিফার লোপেজ, দাম পড়বে ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা। জেসিকা পার্ক, ৩ হাজার ৫০০, ডেভিড বেকহ্যাম ৩ হাজার থেকে ৬ হাজার, এলিজাবেথ অরেঞ্জ ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ২০০ টাকা, তুলনামূলক কম দামে পাবেন বিভিন্ন ব্র্যান্ডের বডি স্প্রে। অ্যাডিডাস ২৫০ থেকে ৩৫০, এক্স ২০০, সেটওয়াট ২০০ থেকে ২২০, প্লেবয় ২০০, কারমাসি ১৮০, ডুইট ১৯০, বনডেজ ১৮০, অ্যাটারনাল লাভ ২৫০, শি ২২০, ব্লুলেডি ২০০, নটিকা ১৯০, জোভান ২২০ টাকা।
কোথায় পাবেন
প্যারিস পারফিউম :বাড়ি-২, রোড-১২৬, গুলশান-১, পারফিউম ওয়ার্ল্ড : বসুন্ধরা সিটি, লেভেল-৬, নাভানা টাওয়ার, দ্বিতীয় তলা। আলমাস সুপার শপ, সৌমিতা, রেইনবো পারফিউম পিঙ্ক সিটি, গুলশান-২, বনানী ইউএস মৈত্রী শপিং কমপ্লেক্স। এ ছাড়া বিভিন্ন সুপার শপ ছাড়াও বিভিন্ন মার্কেটে পাওয়া যাবে পারফিউম।
মডেল সায়রা মেকআপ হেয়ারোবিক্স ব্রাইডাল ছবি দীপঙ্কর দীপু
