রোলের সাথে এক্সপ্রেস আড্ডা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৭:২৭
বনানীর একুশ নম্বর সড়কের বি ব্লকে প্রবেশ করলেই দু তলা এক বাড়ি, বাইরে থেকে অতটা আলো ঝলমলে না থাকলেও ভেতরে ঢুকতেই পাবেন অন্যরকম এক পরিবেশ। মূলত রোলকে প্রাধান্য দিয়েই যাত্রা শুরু, রয়েছে উপমহাদেশীয় জনপ্রিয় অনেক খাবার। স্বাদটা যেমন দারুণ, সেই সাথে আড্ডা দেওয়ার জন্য এর জুড়ি মেলা ভার। খোলা হাওয়াতে বসে হয়ে যেতে পারে ছোটখাটো কোনো গানের পার্টিও। মজাদার এই রেস্টুরেন্টের খোঁজখবর নিতে হাজির হয়েছিলেন সাজেদুল ইসলাম শুভ্র, ছবি তুলেছেন দীপঙ্কর দীপু মৃদু আলোতে চলছে হালকা কোনো গান আর আরামদায়ক সোফা, এই হলো ভেতরের পরিবেশটা। গোটা পঞ্চাশেক লোক বসতে পারেন এখানে। আর বাইরে বেরিয়ে এলেই যেন নিজ বাড়ির উঠোনের আবহ। এক কোণে ছাউনি দেওয়া, ঝুম বৃষ্টিতে এখানে বসে খেলে রোলের স্বাদটাই বুঝি পালটে যায়। এখানে সময়ে সময়ে গানের আড্ডা বসে, নামকরা ব্যান্ডরা যেমন আসে, কখনও গিটারের টুং টাংয়ে গেয়ে ওঠে একদল বন্ধু। ২৭ সেপ্টেম্বর রেনেসাঁ আসছে সদলবলে গান শোনাতে, সন্ধ্যায় হাজির হয়ে গেলে আপনিও শুনে আসতে পারেন তাদের গান। সাথে ওয়াই ফাই সুবিধা তো থাকছেই। এবার আসি খাবারের তালিকায়। রোলের এক লম্বা লিস্ট আসবে আপনার হাতে। সব কিছুই যেন রোলের মাঝে সন্নিবেশ করা হয়েছে। চিকেনের নানা রকম উপস্থাপন রয়েছে, সেই সাথে ডিমের যোগ রয়েছে কোনো কোনোটাতে। আর এগুলোর দাম শুরু হয়েছে ১৩০ থেকে। এখানকার পনির রোলটাও বেশ জনপ্রিয়, রয়েছে চিকেন রেশমি রোল, চিকেন টিক্কা রোল। ২৭০ টাকার মধ্যেই গোটা ত্রিশেক রোল থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। আর এ রকম পরিবেশে তান্দুরির শখ হতেই পারে। টাংরি কাবাব পাচ্ছেন, রয়েছে তান্দুরি মোগলাই চিকেন, বিফ শিক কাবাবটাও বেশ জনপ্রিয় তাদের। এখানে অনেকেই নিয়মিত আসেন তাদের দই ফুসকা অথবা রাজ কাচোরির স্বাদ নিতে। মাসালা দোসাটা দেখতে যেমন, স্বাদও তেমন। চিকেনের সাথে মাসালা দোসা খেয়ে দেখতে পারেন। যারা এর বাইরে পেট পুরে খেতে চান, তাদের পছন্দ বিরিয়ানি। সুস্বাদু রাইতার সাথে হায়দরাবাদি বিরিয়ানি রয়েছে তাদের। আর রাইস মেন্যুগুলো ৩০০ থেকে শুরু করে ৩৬০ টাকায় পাওয়া যাবে। খাবারের সাথে পছন্দের সব রকম বেভারেজ আইটেমই সহজপ্রাপ্য এখানে। তবে কাঁচা আমের জুসটা না খেয়ে থাকলে অনেক কিছুই মিস হয়ে যাবে হয়তো। আর এই সব খাবার আপনি ঘরে বসেও অর্ডার দিতে পারেন। অল্প সময়ের মধ্যে এসেই নিয়ে যেতে পারবেন।