টানা পাঁচদিন শেয়ারবাজারের সূচক কমেছে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৪
প্রায় এক মাস ধরে শেয়ারবাজারের সূচক ও লেনদেন বাড়ায় স্বাভাবিক গতি দেখা যাচ্ছে। তবে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দেয়ায় প্রভাব পড়েছে শেয়ারবাজারে। ফলে টানা পাঁচদিন ধরে শেয়ারবাজারে দরপতন হয়েছে। এদিকে বাজারে সূচক কমতে থাকলেও কিছু কোম্পানির শেয়ারের দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এতে এ কোম্পানিগুলোতে বিনিয়োগকারীরা ফের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় দরপতনের মধ্য দিয়ে আরেকটি দিন পাড় করলো শেয়ারবাজার। এতে গত ২৬ কার্যদিবসের মধ্যে ডিএসই সূচক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজারে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে ৮১টি কোম্পানির শেয়ারের দর ৪ শতাংশেরও বেশি ওঠানামা করেছে। এদিকে টানা পাঁচদিন বাজারের লেনদেনে পোশাক খাত তার অবদান শীর্ষ পর্যায়ে ধরে রেখেছে। গতকাল পোশাক খাতের কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকারও বেশি। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২৮ ভাগ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৭ পয়েন্টে নেমে এসেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫২১ কোটি ৩৩ লাখ ৯১ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১০৭ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৯৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।