ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ২০০০ নতুন উদ্যোক্তা তৈরির প্রকল্প বিষয়ে গতকাল সোমবার থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত “উদ্যোক্তা সপ্তাহ” চালু করেছে। ঢাকা চেম্বারের সভাপতি মোঃ সবুর খান গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অডিটোরিয়ামে আয়োজিত নতুন উদ্যোক্তা তৈরি বিষয়ক কর্মশালায় “উদ্যোক্তা সপ্তাহ” কার্যক্রমের উদ্বোধন করেন।
সম্প্রতি বৃটিশ সরকার কর্তৃক “২০১৩ বৃটিশ বাংলাদেশ পাওয়ার ১০০” পদকে ভূষিত হওয়া বৃটিশ বাঙালি সাবিরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। ডিসিসিআই এখন থেকে প্রতিবছর ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর “উদ্যোক্তা সপ্তাহ” হিসেবে উদযাপন করার জন্য সরকারের সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানিয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ এম লুত্ফর রহমান এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ-এর সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল এ সময় উপস্থিত ছিলেন।
