আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে একমাস বৃদ্ধি করে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করার জন্য সরকারের নিকট আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ লক্ষ্যে এফবিসিসিআই ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের নিকট সুপারিশ প্রেরণ করেছে।
এফবিসিসিআই জানিয়েছে, অনলাইনে ই-টিআইএন পদ্ধতিতে পুনঃ রেজিস্ট্রেশনের মাধ্যমে ১০ সংখ্যার পরিবর্তে ১২ সংখ্যার ই-টিন নাম্বার গ্রহণের ক্ষেত্রে কর সার্কেল ও জোন পরিবর্তনের কারণে করদাতারা ঝামেলার সম্মুখীন হচ্ছেন। এছাড়া সামনে পবিত্র ঈদুল আযহা ও দুর্গাপূজার কারণে ব্যবসায়ী করদাতাদের পক্ষে সঠিক সময়ে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না। এজন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির বিষয়ে সরকারকে সুপারিশ করার জন্য ব্যবসায়ী মহল থেকে এফবিসিসিআইকে অনুরোধ জানানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বৃদ্ধি করার জন্য ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এফবিসিসিআই সুপারিশ করেছে।
