চলতি ঢাকা প্রিমিয়ার লিগের ‘খেলোয়াড় বাছাই’ শেষ হওয়ার পর অন্যতম শক্তিশালী বলে মনে হচ্ছিল কলাবাগান ক্রীড়াচক্র দলটিকে। কিন্তু সাকিব আল হাসানের অনুপস্থিতি বা অন্য কোনো কারণে সেই কলাবাগানই প্রথম তিন রাউন্ড শেষে নিজেকের খুঁজে ফিরছে। এখনও পর্যন্ত তিন ম্যাচে একটি মাত্র জয়ের দেখা পেয়েছে তারা। এই অবস্থা কাটিয়ে জয়ের ধারায় ফিরতে আরেক ‘আন্ডার পারফরমার’ দল ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের বিপক্ষে মাঠে নামবে আজ কলাবাগান।
আজ ফতুল্লায় ভিক্টোরিয়া ও কলাবাগানের এই সম্মান ফেরানোর লড়াইয়ের পাশাপাশি মিরপুরে সিসিএসের বিপক্ষে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামবে গাজী ট্যাংক। তবে দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াইটা হতে পারে বিকেএসপির তিন নম্বর মাঠে। এবার লিগের দুই ‘চমক’ দল প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংক মুখোমুখি হবে এখানে আজ। ‘প্লেয়ার চয়েস’ ব্যবস্থায় দলবদল হওয়ায় এবার আসলে বড় দল, ছোট দল বিভাজনটা অনেক কমে গেছে। ফলে লিগ শুরু হওয়ার পর রীতিমতো জায়ান্ট কিলার হিসেবে আবির্ভূত হয়েছে প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর। প্রাইম দোলেশ্বর সর্বশেষ দু’ ম্যাচে আবাহনী ও শেখ জামালকে হারিয়ে কাগুজে বড় দলগুলোর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। প্রাইম ব্যাংকও প্রথম ম্যাচেইু হারিয়ে দিয়েছে দেশি-বিদেশি তারকাখচিত ব্রাদার্স ইউনিয়নকে। পরে সিসিএসের সঙ্গে কাঙ্ক্ষিত জয়ও পেয়েছে তারা। ফলে আজ বিকেএসপিতে মুখোমুখি হওয়ার আগে দুই ‘প্রাইম’ দলেরই তিন ম্যাচে পয়েন্ট চার করে। পরস্পরকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পালা আজ তাদের।
কাগজ-কলমের হিসাব বলছে এই দু’ দলের লড়াইয়ে সামান্য হলেও প্রাইম দোলেশ্বর এগিয়ে। দলটির মিডল অর্ডারে মোমিনুল হক, শ্রীলঙ্কান রোশানে সিলভা আছেন দারুণ ফর্মে। তাদের অধিনায়ক ফরহাদ রেজা ব্যাটে-বলে সমান পারফরম করছেন। আবার আগের ম্যাচেই ৬ উইকেট নেয়া তাইজুলকেও রাখতে হবে বিবেচনায়। প্রাইম ব্যাংকেও এখন এক ঝাক ইনফর্ম খেলোয়াড়। তাদের ব্রেন্ডন টেলর, ভানু রাজাপাক্ষে ও জিয়াউর রহমান; টপ অর্ডারে তিন ব্যাটসম্যানই আছেন রানের মধ্যে। বোলারদের মধ্যে জীবন মেন্ডিস, তাপস বৈশ্য ফর্মে আছেন। ফলে দুই দলের লড়াইটা দর্শনীয়ই হওয়ার কথা। সাকিবকে হারানোয় কলাবাগান খর্ব শক্তির দল হয়ে গেছে সন্দেহ নেই। ফলে এনামুল বিজয়, নাসির, এনামুল জুনিয়রদের ভিক্টোরিয়ার বিপক্ষে জিততে হলে কঠিন একটা পরীক্ষায়ই পাস করতে হবে নাঈম ইসলামের কলাবাগানকে।
সে তুলনায় আজ সবচেয়ে সহজ ম্যাচটা মিরপুরে খেলতে নামবে গাজী ট্যাংক। এক ঝাক তারকা সম্বলিত দল নিয়ে ইমিধ্যে ২ ম্যাচ জেতা গাজী ট্যাংকের সামনে এখনও পর্যন্ত জয়ের মুখ না দেখা সিসিএসের পক্ষে লড়াই করাটাই বড় চ্যালেঞ্জ হয়ে যেতে পারে।
আজকের খেলা
ভিক্টোরিয়া কলাবাগান ফতুল্লা
গাজী ট্যাংক সিসিএস মিরপুর
প্রাইম ব্যাংক প্রাইম দোলেশ্বর বিকেএসপি-৩
