রোনালদোর সৌজন্যে তিনে রিয়াল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলের উপর ভর করে নিজেদের মাঠে গেটাফেকে গুঁড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে দুর্বল দলটিকে ৪-১ গোলে হারায় মাদিদিস্তারা। ম্যাচের শুরুতে ধাক্কা খায় স্বাগতিক ক্লাব। খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটে গেটাফেকে ১-০ তে এগিয়ে দেন অ্যাঞ্জেল লাতিফা ক্যাস্টিলো। ম্যাচে গেটাফে’র খেলা বলতে ওইটুকুই। এরপর শুরু হয় গ্যারেথ বেলহীন রিয়ালের গোল উত্সব। গুনে গুনে চারটি গোল দিয়েছেন কার্লো আনচেলত্তির শীর্ষরা। শুরুটা করেন পেপে। ইস্কো ও অ্যাঞ্জেল ডি মারিয়ার ফ্রি-কিক থেকে রোনালদোর প্রচেষ্টা গেটাফের গোলরক্ষক মিগুয়েল অ্যাঞ্জেল মোয়া আটকে দিলেও ফিরতি বলে পেপে দলের পক্ষে সমতা ফেরান। ৩৩ মিনিটে রোনালদোর ফ্রি-কিক থেকে ডি-বক্সের মধ্যে মাইকেলের হাতে বল লাগলে পেনাল্টি পান রোনালদো। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন পর্তুগিজ উইঙ্গার রোনালদো। প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে জায়ান্ট ক্লাবটি। দ্বিতিয়ার্ধে গোলের ব্যবধান আরো বাড়ায় আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনাল্ডোর একটি শট এবং ডি মারিয়ার একটি ফ্রি-কিক অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে না পেলেও ইসকো ভুল করেননি। ৫৯ মিনিটে রোনালদোর ফ্রি-কিক থেকে ইসকোর গোলে রিয়াল ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। এটি ছিল ছয় ম্যাচে স্প্যানিশ অনূর্ধ্ব-২৩ দলের এই মিডফিল্ডারের পঞ্চম গোল। ৮৫ মিনিটে মাইকেল রিয়ালের বদলী খেলোয়াড় জেসে রড্রিগেজের একটি গোলের সুযোগ অবৈধভাবে নষ্ট করলে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফলে ম্যাচ শেষের পাঁচ মিনিট গেটাফেকে ১০ জন নিয়েই ম্যাচ সামলাতে হয়েছে। সুযোগ নেন রোনালদো। ইনজুরি সময়েরও শেষ মুহূর্তে সামি খেদিরার ক্রস থেকে রোনালদো তার দ্বিতীয় গোলটি করেন। ৪-১ ব্যবধানের বড়ো জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে চার থেকে একধাপ এগিয়ে তিনে উঠে এলো রিয়াল। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সেলোনা এবং একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের কারণে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিনটি অবশ্য বেলের জন্য বেশ হতাশার ছিল। মূল একাদশে বিশ্বের সবচেয়ে দামী এই ইংলিশ ফুটবলারের নাম থাকলেও অনুশীলনে থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হওয়ায় সানতিয়াগো বার্নাব্যুতে তার অভিষেকটা আরো পিছিয়ে গেল। আর প্রথমবারের মত বেলকে অভিনন্দন জানানোর সুযোগটা যে শেষ মুহূর্তে হাতছাড়া হয়েছে রিয়ালের সমর্থকদের। এই ম্যাচের দুটি গোল নিয়ে চলতি মৌসুমে ১৩ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা দাঁড়াল ১৩। আর রিয়ালের পক্ষে ২০৮ গোল নিয়ে রোনালদো এখন মেক্সিকান হুগো সানচেজের সাথে কোন ক্লাবের পক্ষে পঞ্চম সর্বোচ্চ গোলের মালিক বনে গেলেন। এছাড়া টানা চারটি ম্যাচ হারের পর পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দল সেভিয়ার বিপক্ষে প্রথম জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। গতকাল তারা ব্রাজিলিয়ান জোনাস গোনকালভেসের দুই গোল এবং ভিক্টর রুইজের গোলে সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে। এদিকে ভিলা রিয়াল সেল্টা ভিগোর সাথে গোলশূন্য ড্র করেছে। রিয়াল বেটিস এবং গ্রেনাডার মধ্যকার ম্যাচটিও গোলশূন্য ছিল। এ ক ন জ রে রিয়াল সোসিয়েদাদ ০ মালাগা ০ আলমেইরা ২ লেভান্তে ২ রিয়াল মাদ্রিদ ৪ গেটাফে ১ ভ্যালেন্সিয়া ৩ সেভিয়া ১