চাপে থাকা পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক জানিছেন, অধিনায়কত্ব হারানো নিয়ে তিনি মোটেই চিন্তিত নন এবং যে কারো অধিনায়কত্বেই তিনি জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত। ধীর গতির ব্যাটিং এবং অধিনায়কত্বের জন্য প্রায়শই সমালোচিত হওয়া মিসবাহ জানান, সম্প্রতি জিম্বাবুয়ের কাছে শেষ টেস্টে পরাজিত হওয়ার পর বিভিন্ন দিক থেকে সমালোচনার পরও তিনি কোন চাপ অনুভব করছেন না।
ভারতে চলমান চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর লাহোরে পৌঁছে ফয়সালাবাদ উলভসের অধিনায়ক মিসবাহ বলেন, ‘আমি কখনোই অধিনায়কত্ব চাইনি কিংবা এ জন্য বদ্ধপরিকর ছিলাম না। এমনকি এখনো অধিনায়কত্বের বিষয়টি সম্পূর্ণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিষয়। তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমি সেটা মেনে নেব। আমাকে জাতীয় দলের অধিনায়কত্ব করতে বলা হয়েছে এবং এটা আমার জন্য অনেক বড় গৌরবের বিষয়। আমি আমার সেরাটা দিয়ার চেষ্টা করেছি। সুতরাং আমার উপর কোন চাপ নেই।’ ভবিষ্যত্ পরিকল্পনা এবং ২০১৫ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে বিশ্বকাপ প্রসঙ্গে কিছু বলা ঠিক হবে না। কারণ পরবর্তী মিনিটে কি ঘটবে কেউ বলতে পারে না।’
জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পর কতিপয় সাবেক ও সমালোচকদের এক হাত নেয়ার কারণেও সমালোচিত হচ্ছেন মিসবাহ। সমালোচকদের মিসবাহ ‘নোংরা’ ব্যক্তি হিসাবে অভিহিত করেছিলেন এবং দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর নিজেই সমালোচিত হন। তিনি বলেন, ‘এটা খুবই হতাশার বিষয় যে, জিম্বাবুয়েতে আমরা সিরিজ জয় করতে পারিনি এবং আমাদের নতুন খেলোয়াড়রা অন্যান্য দেশের মতো শীর্ষ পর্যায়ে খেলার খুব বেশি একটা সুযোগ না পাওয়ার কারণে এখন পর্যন্ত ব্যাটিংটাই আমাদের সমস্যা।’
জিম্বাবুুয়ের বিরুদ্ধে পরাজিত হওয়া দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি। নিজের ফর্ম নিয়ে মিসবাহ বলেন, ‘আমার নিজের ফর্ম নিয়ে আমি সন্তুষ্ট; কিন্তু অন্য ব্যাটসম্যানদেরও ধারাবাহিকভাবে রান পাওয়া দরকার এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে এটাই আমাদের জন্য চিন্তার কারণ।’
নিজ মাঠে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়া এবং নিয়মিতভাবে বিদেশ সফরের অভাবেই পাকিস্তান ক্রিকেট দল যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে কোন সন্দেহ নেই বলে উল্লেখ করেন মিসবাহ, ‘এমনকি আমাদের খেলোয়াড়রা আইপিএলও খেলতে পারছে না।’
গত বছরের মাঝামাঝি থেকে পাকিস্তান এপর্যন্ত মাত্র আটটি টেস্ট খেলেছে। এই বিষয়টিও স্মরণ করিয়ে দেন পাকিস্তান অধিনায়ক।
এ সপ্তাহেই পিসিবি প্রধান নাজাম শেঠি এবং জাতীয় দল নির্বাচকদের সঙ্গে বৈঠক করবেন মিসবাহ। ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হওয়া সিরিজের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ বৈঠকে নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। -বাসস
