দুই সংগঠকই একই ঘরানার, দু’জনই ক্ষমতাসীন দলের সংসদ সদস্য; এমন অবস্থায় সাবের হোসেন চৌধুরী ও নাজমুল হাসান পাপন এমপির বিসিবি নির্বাচনে মুখোমুখি হয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছিল একটা অচলাবস্থা। সেই অবস্থা কাটাতেই এবার উদ্যোগ নিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি ও আবাহনীর প্রবীণ সংগঠক সালমান এফ রহমান।
গতকাল এই শিল্পপতির বাসায় সাবের ও পাপন এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছিলেন বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। কিন্তু ঠিক কী বিষয়ে আলাপ হয়েছে বা কী সিদ্ধান্ত হতে যাচ্ছে; তার কিছুই জানা যায়নি। তবে একটি বিশ্বস্ত সূত্রের দাবি, এই বৈঠকে সাবের হোসেন চৌধুরীকে আপাতত নির্বাচন থেকে সরে যাওয়ার অনুরোধ করা হতে পারে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আলোচিত এই বৈঠক চলছিল। দুই হ্যাভিওয়েট প্রার্থীর কাউকেই ফোনে পাওয়া সম্ভব হয়নি। তবে সূত্র বলছে, এই বৈঠকে আবাহনীর কাউন্সিলরশিপ নিয়েও একটি সিদ্ধান্ত বেরিয়ে আসবে।
