প্রথম রাউন্ডে ড্র করে দ্বিতীয় রাউন্ডে জয়ের মুখ দেখেছিলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। গতকাল তৃতীয় রাউন্ডে এসে আবার ড্র করলেন নিয়াজ। এই কৃতী গ্র্যান্ডমাস্টারকে আটকে দিয়েছেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। গতকাল বার্জার পেইন্টস ৩৯তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলায় বর্তমান জাতীয় দাবা চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ দুরন্ত রাজশাহীর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সাথে ড্র করেন। নিয়াজ সাদা ঘুঁটি নিয়ে রাজীবের ওল্ড ইন্ডিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলেন ২৩ চালের মাথায় নিয়াজ ড্র এর প্রস্তাব দিলেও রাজীব তাতে সম্মতি না দিয়ে খেলা চালিয়ে যান। পরবর্তীতে ৩৩ চালের মাথায় নিয়াজ দ্বিতীয়বারের মতো ড্রয়ের প্রস্তাব দিলে রাজীব মেনে নেন। ম্যাচ ড্র হয়। নিয়াজ ড্র করলেও কাল জিতেছেন ঢাকা মোহামেডানের আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিয়া। তিনি কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ১৯ চালে চপলের বিরুদ্ধে জিতেছেন। দুরন্ত রাজশাহীর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব জিতেছেন দেবরাজের বিরুদ্ধে। তৃতীয় রাউন্ডের খেলা শেষে গোল্ডেন চেস ক্লাবের শফিক আহমেদ পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। গতকাল শফিক তিতাস ক্লাবের জামাল আহমেদকে হারিয়েছেন।
