আবারও বালোতেল্লি!

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৪
বদমেজাজী কিংবা ‘ব্যাড বয় ইমেজ’; এর বাইরেও তার আরেকটি পরিচয় ছিল। আর সেটা হল ক্যারিয়ারে কোন পেনাল্টি মিস না করার অনন্য এক রেকর্ড। কিন্তু সেটাও আর ধরে রাখা হল না ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লির। এর আগে পেনাল্টি থেকে ২১ গোল করা বালোতেল্লি সিরিএতে গত রবিবার ন্যাপোলির বিপক্ষে পেনাল্টি মিস করলেন। গোটা ম্যাচে অসাধারণ খেলা ‘সুপার মারিও’ পরে একটা গোল করে সেটা পুষিয়ে দিলেও ২-১ গোলে হারতে হয় এসি মিলানকে। এখানেই শেষ হচ্ছে না ‘বালোতেল্লি নাটক’। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার সময় অখেলোয়াড়সুলভ আচরণ করার জন্য তাকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচে ন্যাপোলির হয়ে দু’টি গোল করেন মিগুয়েল অ্যাঞ্জেল ব্রিটোস ও গঞ্জালো হিগুয়েন। এই জয়ের ফলে চার ম্যাচে ১২ পয়েন্ট পেল ন্যাপোলি। একই দিনে ল্যাজিওকে ২-০ ব্যবধানে হারানো এএস রোমাও পেয়েছে ১২ পয়েন্ট। তবে গোল ব্যাবধানে এগিয়ে থাকায় তারা রয়েছে শীর্ষস্থানে। আর এসি মিলানের পয়েন্ট মাত্র চার। দিনের অন্যান্য ম্যাচে ইন্টার মিলান ৭-০ গোলে স্যাসুওলোকে, ফিওরেন্টিনা ২-০ গোলে আটলান্টাকে, তোরিনো ২-১ গোলে বোলোগনাকে ও জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছে হ্যালাস ভেরোনাকে। গোল শূন্য ড্র হয়েছে কাতানিয়া ও পার্মার মধ্যকার ম্যাচটি।