গাজীপুর প্রেসক্লাবের জন্য নির্ধারিত জমি অধিগ্রহণে প্রশাসনের কালক্ষেপণের প্রতিবাদে গত রবিবার গাজীপুর জেলা প্রশাসন চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এসময় গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক মুকুল কুমার মল্লিক, দেলোয়ার হোসেন, শরীফ আহম্মেদ শামীম, সৈয়দ মুকছেদুল আলম লিটন, আমিনুল ইসলাম, মাসুদ রানা, রুহুল আমিন, আলমগীর হোসেন, নজরুল ইসলাম, রাহিম সরকার, মনিরুজ্জামান প্রমুখ। সমাবেশে আগামী সাতদিনের মধ্যে জমি অধিগ্রহণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল, প্রশাসনের সংবাদ বর্জন ও কলম বিরতিসহ কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।
