৫৫ বছর ধরে ইত্তেফাকের পাঠক মুক্তিযোদ্ধা আফজাল হোসেন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৭:০৩

৭১ বছর অতিক্রম করলেও এখনো খালি চোখে নিয়মিত দৈনিক ইত্তেফাক পড়েন নওগাঁর ধামইরহাট পৌরসভার বয়স্ক ব্যক্তি আফজাল হোসেন। ৭১ বছর বয়স অতিক্রম করলেও তিনি এখনো সুস্থ, সবল এবং শারীরিকভাবে সক্ষম। আফজাল হোসেন জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা।

নওগাঁর ধামইরহাট পৌরসভাধীন প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ হিসাবে পরিচিত মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। তিনি ১৯৪৬ সালে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চকযদু (কাশিয়াডাঙ্গা) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার (মৃত) নাম ফারাজ উদ্দিন মণ্ডল।

আফজাল হোসেন নওগাঁর করনেশান হাইস্কুল (বর্তমানে নওগাঁ জেলা হাই স্কুল) থেকে ১৯৬৩ সালে এসএসসি, নওগাঁর বিএমসি কলেজ থেকে ১৯৬৫ সালে আইএসসি এবং নওগাঁ ডিগ্রি কলেজ থেকে ১৯৬৯ সালে বিএসসি পাশ করেন। কিন্তু এলাকার মানুষের সেবা করার কথা চিন্তা করে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় জড়িয়ে পড়েন। মাতৃভূমির স্বাধীনতার জন্য ছুটে যান মহান মুক্তিযুদ্ধে। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণ করবে না ইউরোপীয় পার্লামেন্ট

মুক্তিযোদ্ধা আফজাল হোসেন জানান, বর্তমানে দেশে অনেক সংবাদপত্র বের হলেও এখনো তার প্রিয় সংবাদপত্র দৈনিক ইত্তেফাক। একদিন দৈনিক ইত্তেফাক হাতে না পেলে দিনের সবকিছুই অপূর্ণ থেকে যায় তার। তাইতো ৫৫ বছর ধরেই তার জীবনের সাথী ইত্তেফাক নামের সংবাদপত্রটি। এখনো খালি চোখে পত্রিকা পড়তে পারেন বলে মহান আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান মুক্তিযুদ্ধে দৈনিক ইত্তেফাক অনন্য অবদান রাখায় প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ছেলে-মেয়ে, জামাতা, পুত্রবধূসহ সবার ভালোবাসা নিয়ে শিক্ষকতা অবসরের পর সমাজ সেবাই অবদান রেখে চলেছেন এই মুক্তিযোদ্ধা।

ইত্তেফাক/বিএএফ