গফরগাঁওয়ে মুখোমুখি চেয়ারম্যান ও মেম্বার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৫
বরাদ্দ ও বন্টনে অনিয়ম এবং আত্মসাতের অভিযোগে গফরগাঁওয়ের চরআলগী ইউপি চেয়ারম্যান ও ১০ মেম্বার মুখোমুখি অবস্থানে। ১২ মেম্বারের মধ্যে ১০ জন চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেছেন। তারা বলেছেন, চেয়ারম্যান এসএম মাইনউদ্দিন সংশ্লিষ্ট এলাকার মেম্বারদের সাথে সমন্বয় না করে রেজ্যুলেশন খাতায় জোরপূর্বক স্বাক্ষর আদায়, বরাদ্দ বন্টন অনিয়ম করে আসছে। এসব বিষয়ে প্রতিবাদ করলে চেয়ারম্যান মেম্বারদের সাথে অসদাচরণসহ হত্যার হুমকি দেয়। ইউপি মেম্বার মনিরুজ্জামান মন্ডল, আনোয়ারুল হক, আব্দুস ছাত্তার, ওমর ফারুক, মোঃ বাহারউদ্দিন, মোঃ জামালউদ্দিন, মোঃ মফিজউদ্দিন, মোঃ নুরুল হক, মোছাঃ রেহেনা ঐ অভিযোগে স্বাক্ষর করেছেন। ইউপি সদস্য মনিরুজ্জামান মন্ডল বলেন, এর পূর্বেও চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আর্থিক অনিয়মের অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম মাইনউদ্দিন বলেন, যেসব ইউপি মেম্বার এখন বিরোধিতা করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের সভাপতি হয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী বলেন, বিষয়টি তদন্ত করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।