দুদক কার্যালয় থেকে ‘ভুয়া কর্মকর্তা’ আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৪
দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে দুদক কর্মকর্তা পরিচয়দানকারী এক নারীকে আটক করা হয়েছে। তার নাম পাপিয়া আক্তার (৩২)। গতকাল দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাকে আটক করে। পরে তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়। এদিকে আটকের পরে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘আমি একটি তদবিরের জন্য দুদকে এসেছিলাম। নিজেকে কখনও দুদক কর্মকর্তা বা কারও কাছ থেকে চাঁদা দাবি করিনি।’ দুদক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে বিভিন্ন জায়গায় দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি উত্তরার মাহবুবুর রহমান নামে এক ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে ৩ লাখ টাকা চাঁদাও দাবি করছেন। চাঁদা না দিলে তার বিরুদ্ধে দুদক থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোটিস পাঠানোসহ বিটিভিতে তার বিরুদ্ধে রিপোর্ট করা হবে বলেও ভয় দেখানো হয়। মাহবুবুর রহমানের ভাই মোহাম্মদ আলী অভিযোগ করে জানান, কেবল তিনি নন, তার সঙ্গে মতিয়ার রহমান নামেও একজন আছেন। যিনি নিজেকে বিটিভির সিনিয়র রিপোর্টার (অনুষ্ঠান) বলে দাবি করেছেন। পাপিয়া আক্তার অনেকদিন ধরে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন। এ চাঁদা না দিলে দুদকে মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ারও ভয় দেখান তিনি। সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী জানান, দুদকের ভয় দেখিয়ে মাহবুবুর রহমান নামে এক ব্যবসায়ীর কাছে দীর্ঘ দিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন পাপিয়া। এ ঘটনায় ওই ব্যবসায়ী উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি ঘটনাটি দুদক কর্মকর্তাকে জানালে দুদক থেকে পাপিয়াকে আটক করা জন্য ফাঁদ পাতা হয়।