কায়সারের বিরুদ্ধে অভিযোগ দাখিল ২৪ অক্টোবর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৬
জাতীয় পার্টির নেতা ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এই দিন ধার্য করেন। কায়সারের বিরুদ্ধে তদন্ত শেষ করে গত রবিবার রাষ্ট্রপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, আটক, ধর্ষণ, মুক্তিপণ আদায়, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৯ ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ পেয়েছে তদন্ত সংস্থা। এ প্রতিবেদনের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে রাষ্ট্রপক্ষ। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসাবে তাদের পক্ষ নেন কায়সার। মুক্তিযুদ্ধের সময় প্রায় ৫০০ থেকে ৭০০ জন স্বাধীনতাবিরোধীকে নিয়ে তিনি নিজের নামে ‘কায়সার বাহিনী’ গঠন করেন। গত ১৫ মে রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ২১ মে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। ৫ আগস্ট শর্তসাপেক্ষে তাকে জামিন দেয়া হয়। মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডসহ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। প্রথম দিনে তিনি চৌধুরী মুঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে ৬ নম্বর অভিযোগে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করেন। যুক্তিতর্ক উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এদিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৪তম সাক্ষী বাংলা একাডেমির সহকারী গ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া ও ২৫তম সাক্ষী জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার স্বপন কুমার বিশ্বাস। আগামীকাল বুধবার ২৬তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।