পেশোয়ারে গির্জায় হত্যাকাণ্ড ড্রোন হামলার প্রতিশোধ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪২
রবিবার পাকিস্তানের পেশোয়ারে এক গির্জায় দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১’তে। এদিকে, ‘জুনদ উল-হিফসা’ নামের এক তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। জঙ্গিগোষ্ঠীর এক মুখপাত্র আমহেদ মারওয়াত বার্তা সংস্থা এএফপিকে টেলিফোনে বলেন, ‘‘তালেবান ও আল-কায়েদা সদস্যদের উপর মার্কিন ড্রোন আক্রমণের প্রতিশোধে এই বোমা হামলা চালানো হয়েছে। ড্রোন হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আবারও বিদেশি এবং অ-মুসলিমদের উপর হামলা করা হবে বলে জানান তিনি।’পেশোয়ার কেন্দ্রীয় হাসপাতালের চিকিত্সক আরশাদ জাভেদ মৃতের সংখ্যা বেড়ে ৮১’তে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন, যার মধ্যে ৩৭ জন নারী রয়েছেন। আহত হয়েছেন ১৩১ জন। বোমা হামলার প্রতিবাদ এবং আরও নিরাপত্তার দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা। ‘অল পাকিস্তান মাইনোরিটিস অ্যালায়েন্স’ এর প্রেসিডেন্ট পল ভাট্টি বলেন, ‘এটা পরিষ্কার যে এটা একটা সন্ত্রাসী হামলা ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এটা ইসলামি বিশ্বাসের পরিপন্থী।