কুমিল্লাতে সিআইডি কার্যালয় উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা সিআইডি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত সোমবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের তৃতীয়তলায় সিআইডি কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত আইজি (সিআইডি) মো. মোখলেছুর রহমান, বিপিএম। পরে জেলা পুলিশ ও সিআইডি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা হয়। কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিআইডি’র কুমিল্লা ও নোয়াখালী বিভাগের বিশেষ পুলিশ সুপার ব্যারিষ্টার মোশাররফ হোছাইন, হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
দুলুর মুক্তি দাবিতে সিংড়ায় ছাত্রদলের মিছিল
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নাটোর জেলা বিএনপির সভাপতি এড.রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৮ দলীয় জোটের গ্রেফতার হওয়া বিভিন্ন নেতাকর্মীদের নিঃস্বর্ত মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সিংড়ায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গত সোমবার। মিছিল শেষে ছাত্রদল নেতা আতাউল গনি পলাশের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সাধু, যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন মিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ।
মধুখালীতে ব্র্যাকের বিতর্ক বিকাশ প্রতিযোগিতা
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গত সোমবার মধুখালীতে ব্র্যাক কর্তৃক আয়োজিত বিতর্ক বিকাশ-২০১৩ প্রকল্পের আওতায় “সুশিক্ষায় পরিবার নয় শিক্ষকের ভূমিকাই প্রধান” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০ জন শিক্ষক ও ২ জন সাংবাদিক সমন্বয়ে ১২ জন বিচারকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলাউদ্দিন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ, আব্দুল আউয়াল আকন, জেলা ব্যবস্থাপক আব্দুল আলিম, ব্র্যাকের উপজেলা ম্যানেজার দিলারা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আদমদীঘিতে মারপিট ও ভাংচুর ঘটনায় মামলা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে পূর্ব শক্রতার জের ধরে মারপিট ও বসতবাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর নগদ টাকা লুট করার অভিযোগে তহিদুল ইসলাম বাদি হয়ে বারীকসহ ৩০ জনের বিরুদ্ধে দ্রুত আইনে মামলা দায়ের করেছেন। জানা যায়, গত শুক্রবার রাতে আদমদীঘির লক্ষীপুর গ্রামের মকবুল হোসের পুত্র বারীক ও তার সহযোগীরা পূর্ব শক্রতার জের ধরে লোহার রড, লাঠিসোটাসহ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তহিদুল ইসলামসহ কয়েকজনের বাড়িতে হামলা করে তাদের মারপিট করে ঘরে প্রবেশ করে রঙ্গিন টিভি, ওয়ারড্রপ, সোকেচসহ আসবাবপত্র ভাংচুর করে ক্ষতিসাধন করেন।
কাউনিয়ায় শিখন এর শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ রংপুরের কাউনিয়া শিখন কর্মসূচির উদ্যোগে ‘সবার জন্য শিক্ষা’ বিষয়ক মতবিনিময় সভা সোমবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সিপন আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক মহিউদ্দীন আহমেদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
বড়াইগ্রামে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ গত সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাকার মোড়ে ডিবি পুলিশের পরিচয়ে অভিনব কায়দায় মকছেদ আলী নামে এক ব্যবসায়ীর ৯৮ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, সোমবার সকালে নাটোরে ছাগল কিনতে যাবার জন্য মকছেদ আলী টাকাসহ রাজাকার মোড়ে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় দুর্বৃত্তরা একটি সাদা মাইক্রোবাসে সেখানে এসে তার কাছে জাল টাকা আছে বলে দাবি করে। এক পর্যায়ে ব্যবসায়ী মকছেদ আলী টাকা বের করে দেখালে দুর্বৃত্তরা জোরপূর্বক টাকাগুলো নিয়ে বনপাড়ার দিকে চলে যায়।
নওগাঁয় ১০ বছর পর সামাজিক স্বীকৃতি
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের পদক্ষেপে দীর্ঘ ১০ বছর পর সামাজিক স্বীকৃতি ফিরে পেল নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হূদয় চন্দ্রর পরিবার। ছেলের বিয়েতে সমাজের লোকদের পছন্দমত খাবার দিতে না পারায় হূদয়ের পরিবারকে প্রায় ১০ বছর ধরে এক ঘরে করে রেখেছিল সমাজপতিরা। একঘরে পরিবারটির জন্য নিষিদ্ধ করা হয়েছিল গ্রামের সকল সামাজিক সুযোগ-সুবিধা। এমনকি একঘরে করে রাখা পরিবারটির লোকজনের সাথে কথা বলা ও চলাফেরা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল সমাজের লোকজনরা।
ব্রাহ্মণবাড়িয়ায় কারাভোগের পর ৩ ভারতীয়র মুক্তি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ গত সোমবার বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারতে ফিরে গেলেন ভারতের ত্রিপুরা রাজ্যের আব্দুর রহিম (৪০), অমৃত পাল (৩১) ও ননি গোপাল (৩৫)। কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে ধরা পড়ে তারা। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হলে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিজ্ঞ আদালত। আব্দুর রহিম ব্রা?হ্মণবাড়িয়া কারাগারে ১৩ বছর সাজা ভোগ করে। অন্যরা ১৬ মাস সাজা ভোগ করার পর ব্রাহ্মণবাড়িয়ার ১২ ব্যাটালিয়ন আখাউড়া কোম্পানী কমান্ডারের কাছে সোপর্দ করে। পরে বিজিবি বিএসএফের কাছে হস্তান্তর করে।
রায়পুরায় মুক্তিযোদ্ধাদের ভোটার তালিকা প্রকাশ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের ভোটার তালিকা প্রকাশ করেছে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেদোয়ান হোসেন জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই পূর্বক ভোটারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা রয়েছে ১৪২৯ জন।
মাধবপুরে জনতা ব্যাংকের কৃষি মেলা
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা \ মাধবপুর উপজেলার গ্রামের বিভিন্ন হাট-বাজারে ক্যাম্প করে কৃষকদের মাঝে ঋণ বিতরণ ও আদায় করা হচ্ছে। ব্যাংক সেবা জনগণের আরো কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে জনতা ব্যাংকের কৃষি মেলা নামক মাসব্যাপী এ কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তাগণ। গতকাল মঙ্গলবার শাহপুর বাজারে (গেইটঘর) তাত্ক্ষণিক ৬২ জন কৃষকের কাছ থেকে ঋণ আদায় ও ৫ জন কৃষককে নতুন ঋণ প্রদান করা হয়েছে।
সেনবাগ যুবলীগের আহবায়ক কমিটি গঠন
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নোয়াখালী জেলা যুবলীগ আহবায়ক ইকবাল করিম তারেক সেনবাগ উপজেলা যুবলীগের আহবায়ক পদে আ.স.ম.জাকারিয়া আল মামুনকে ও যুগ্ম আহবায়ক পদে আলমগীর হোসেন, মন্জুরুল আলম রাসেল ও মহিন উদ্দিন মহিনকে যুগ্ম-আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন। নতুন কমিটি গঠনের বিষয়টি গতকাল মঙ্গলবার সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আহম্মেদ চৌধুরী নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জে স্কুল পুনঃনির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ শহরের ঐতিহ্যবাহী তমালতলা সরকারি প্রাথমিক বিদালয়ের পুনঃনির্মাণ কাজ দ্রুত শুরু করার দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী গতকাল মঙ্গলবার বিদ্যালয় সংলগ্ন ঈশা খাঁ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক কল্যাণ সমিতির সভাপতি ডা. অজিত বসাক, মোবারেকুল আলম রঞ্জু, পপিন লস্কর, তপন কুমার সরকার, সমীর সাহা, মো. ফরিদ মিয়া প্রমুখ।
নাসিরনগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভুঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত চার্জ গঠনের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরে বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা আবদুল আলীম, জমসেদ মিয়া, রাকিব চৌধুরী, কে এম মারজান, রনি।
নওগাঁয় দুই ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ নিয়ামতপুর উপজেলা থেকে সোমবার সন্ধ্যায় অস্ত্রের মুখে ২ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় ২ ছিনতাইকারীকে নিয়ামতপুর ও নাচোল উপজেলার ধানসুড়া সীমান্ত এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ২ লাখ টাকার মধ্যে ১ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
দামুড়হুদায় জামায়াতের বিক্ষোভ মিছিল
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ দেশব্যাপী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার জামায়াতের দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহর দর্শনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে বক্তব্য রাখেন পৌর আমীর মোঃ আব্দুল কাদের। বক্তব্যে অবিলম্বে মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল্লাসহ আটক কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তি ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগপূর্বক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন দাবি করা হয়।
নাকোল ইউপি চেয়ারম্যান মাগুরায় শ্রেষ্ঠ
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ গ্রাম আদালত পরিচালনায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাগুরার শ্রীপুর উপজেলার ৮নং নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জাহান মিয়া ‘মাগুরা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সম্মাননা পদক লাভ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন-এর ‘অ্যাকটিভিটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্প’ এ সম্মাননা প্রদান করে। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদক প্রদান করেন।
সদরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ গত সোমবার ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুস ছত্তার ফকির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ জাহিদ হাসান, উপজেলা কৃষি অফিসার আব্দুল কাদের সরদার, চরনাসিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান মাতুব্বর প্রমুখ।
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ গত সোমবার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালত ৮টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে। পুলিশ জানায়, ওইদিন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেন, সার্জেন্ট নুরুল ইসলাম-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের প্রাইভেট হাসপাতাল ৫ হাজার টাকা, নিউ ডিজিটাল হাসপাতাল ১৫ হাজার টাকা, মোল্লা ফার্মেসী ১০ হাজার টাকা, মাষ্টার ফার্মেসী ৭ হাজার টাকা, মুদি ও মবিলের দোকানে ১১ হাজার ৮ শত টাকাসহ মোট ৮টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪৮ হাজার ৮ শত টাকা জরিমানা করেন।
নান্দাইলে কলেজ ছাত্র দুই মাস নিখোঁজ
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের কোনাবাগারী গ্রামের সুমন আহাম্মদ নামে এক কলেজ ছাত্র দীর্ঘ দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। সে স্থানীয় খুররম খান চৌধুরী কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্র। জানা যায়, গত ১৯ জুলাই কলেজ ছাত্র সুমন আহাম্মদ চট্টগ্রাম যাওয়ার পথে ভৈরব বাসষ্ট্যান্ড থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তার সাথে থাকা মুঠোফোনের সুইচটি বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ সুমন আহাম্মদের বিষয়ে তার বড় ভাই ওমর ফারুক গত ২৯ জুলাই নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়রি (১১৫৬) করেছেন। কোন সহূদয় ব্যক্তি সন্ধান পেলে ওমর ফারুক-এর ০১৭৩১ ০৬৯০২০ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।
ইউএনওকে জানিয়েও বাল্য বিবাহ রোধ হলো না
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়ার) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাল্য বিয়ের সংবাদটি যথাসময়ে জানিয়েও সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তাছলিমা আক্তার(১১) কে রক্ষা করা গেল না । নির্বাহী কর্মকর্তা আ,ন,ম নাজিমউদ্দিন কোন পদক্ষেপ গ্রহণ না করার কারণে গতকাল সোমবার উপজেলা সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাংগা গ্রামের মোঃ নূরুল ইসলামের মেয়ে ওই ছাত্রী পারিবারিক চাপে অনিচ্ছাসত্ত্বেও বিয়ের পিড়িতে বসতে বাধ্য হলো। উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রাম গ্রামের আক্তার মিয়ার প্রবাসী ছেলে পাপ্পু মিয়ার সাথে তার বিয়ে সম্পন্ন হয়।
শেরপুরে হামলা ও নির্যাতন বন্ধে মতবিনিময়
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা \ মৌলভীবাজার জেলার শেরপুরে পারকুল গ্রামের লোকজনের উপর হামলা নির্যাতন বন্ধে পারকুল গ্রামবাসীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ চৌধুরী শিহাব, সৈয়দ মতিউর রহমান, মাওলানা মোস্তফা আহমদ, মোঃ কাউছার আহমেদ, মোঃ তেরা মিয়া, মোঃ সুজন মিয়া, ওলি আহাদ প্রমুখ।
ভেড়ামারায় কম্পিউটার শিক্ষক সাসপেন্ড
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা\কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মিজানুর রহমান প্রিন্সের অনৈতিক সম্পর্কের কারণে সাময়িক বরখাস্ত হয়েছে। অভিভাবক এলাকাবাসী ছাত্র-ছাত্রীবৃন্দরা সুষ্ঠু বিচার দাবি করেছে। উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মিজানুর রহমান প্রিন্স তার বিদ্যালয়ের ছাত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে।
গোমস্তাপুরে বিজিবি ক্যাম্প ঘেরাও
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিজিবি ক্যাম্প ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার সীমান্তবর্তী বাঙ্গাবাড়ী ইউনিয়নে। সোমবার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোস্তফার পুত্র মেহেদুল ও তার বন্ধু একই গ্রামের কাদিরের পুত্র মাসুদ বিজিবি’র বাঙ্গাবাড়ী বিওপি’র সামনে দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য বলে। তারা এ কাজ করতে অস্বীকৃতি জানালে ওই ক্যাম্পের বিজিবি সদস্য উজ্জল ওই দু’জনকে মারধর করে। এ ঘটনা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে জানালে সে বিজিবি ক্যাম্পে উপস্থিত হয়ে প্রতিবাদ জানায়। এ সময় বিজিবি সদস্য সুরত আলী ও উজ্জল তাকে লাঞ্ছিত করে।
হিলিতে বিজিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা \ সোমবার দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবে হিলি সীমান্তের সাধারণ মানুষের নামে বিজিবির মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। হিলি সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের উত্তর বাসুদেবপুর গ্রামের সজল মল্লিক সেতু (২৫)কে শুক্রবার বাড়ি সংলগ্ন মাছের খামারে খাদ্য দিতে গেলে, হিলি বিজিবি ক্যাম্পের গোয়েন্দা সদস্য মোঃ আলী তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পার্শ্ববর্তী পাঁচবিবি থানার আওতায় নিয়ে ৫১ বোতল ফেন্সিডিল দিয়ে পুলিশে সোপর্দ করে। এদিকে বিজিবি গোয়েন্দা সদস্যের ন্যক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদে হাকিমপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হিলি এলাকাবাসী প্রতিবাদ জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
পীরগঞ্জে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ সোমবার পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০১২ সালে বৃত্তি ও ২০১৩ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্য ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ হালিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, রংপুর এর উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
সোনাতলা ও সারিয়াকান্দিতে এমপির মতবিনিময়
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ সোনাতলা-সারিয়াকান্দি উপজেলার সাংবাদিকদের সাথে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান রবিবার রাতে বগুড়া জেলা শহরের হোটেল রেডচিলিতে মতবিনিময় করেন। সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য পত্নী সাহাদারা মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংসদ সদস্য আব্দুল মান্নান বক্তব্য রাখেন। তিনি বলেন, সাংবাদিকরা নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করছেন।
তালায় দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাস বিষয়ে প্রশিক্ষণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সোমবার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আপদকালীন পরিকল্পনা, দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাস পরিকল্পনার উপর এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের (ডব্লিউজেসিসি) বাস্তবায়নে এবং ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে প্রশিক্ষণ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন কমিটির সদস্য স্বরসতী দাশ, আতাউর রহমান, অনিতা রানী, আবুল কাশেম, হাবিবুর রহমান ও মোঃ আব্দুল্লাহ।
উখিয়ায় ঝিনুক ও চার্জ লাইট উদ্ধার
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ মিয়ানমার থেকে চোরাই পথে আসা তিন লাখ টাকা মূল্যের ঝিনুক ও চার্জ লাইট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবির সুবেদার নুরুল ইসলাম জানান, মঙ্গলবার এক যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে উক্ত মালামালগুলো উদ্ধার করে।
ফুলপুরে যুবদল নেতার গণসংযোগ
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল সোমবার বিএনপি’র প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের পক্ষে গণসংযোগ করেন। তিনি তারাকান্দা, কাকনি, কাশিগজ্ঞ, ভূষাগজ্ঞ ও মিলনবাট্টায় পৃথক পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপি’র (উত্তর) সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদারের (হেলিকপ্টার) প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
