দুই যুগ পর আজ রিয়াল-এলচি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৩
শক্তির বিচারে রিয়াল মাদ্রিদের থেকে যোজন যোজন পিছিয়ে আছে এলচি। এবারের লা লিগার পয়েন্ট টেবিলেও তার ছাপ স্পষ্ট। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে আছে রিয়াল। একই সংখ্যক ম্যাচ খেলে মাত্র তিন পয়েন্ট নিয়ে ১৯তম অবস্থানে আছে এলচি। এর আগে শেষ দু’বারের মুখোমুখিতে বড়ো ব্যবধানেই জিতেছিল রিয়াল মাদ্রিদ। আর শেষ দশবারের মুখোমুখিতে মাত্র একবার হেরেছে রিয়াল। ১৯৮৮-৮৯ মৌসুমের পর আর মুখোমুখি হয়নি দল দু’টি। এসব কিছুর কারণ একটাই—এই ২৪ বছর লা লিগায় খেলার সুযোগই পায়নি এলচি। দুই যুগ পর আজ রাতে এলচির মাঠে আবার খেলবে রিয়াল। স্বাগতিকদের উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো দৃঢ় করাই হবে জায়ন্টদের লক্ষ্য। লা লিগার চলতি মৌসুমে এর আগের পাঁচ ম্যাচের চারটিতে জয় পেলেও কার্লো আনচেলত্তির দলটি ভিলা রিয়ালের সাথে ড্র করে দুই পয়েন্ট হারায়। এদিকে গত রবিবার লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী গেটাফেকে বার্নাব্যুর মাঠে ৪-১ গোলে উড়িয়ে দেয় জায়ান্ট ক্লাবটি। শেষ দুটি ম্যাচে রিয়াল প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে সর্বমোট ১০ বার। একটি হ্যাটট্রিকসহ ক্রিশ্চিয়নো রোনালদো একাই করেছেন ৫টি গোল। আনচেলত্তির দলে থাকছেন না ‘হানড্রেড মিলিয়ন ম্যান’ গ্যারেথ বেল। গত রবিবার গেটাফের বিপক্ষের ম্যাচের আগে অনুশীলনের সময় উঁরুর পেশিতে চোট পান বেল। স্কোয়াডে থাকলেও ওই চোটের কারণে ওই ম্যাচটিতেও খেলতে পারেননি এই ওয়েলশ তারকা। কোচ আনচেলত্তি অবশ্য জানিয়েছেন, বেল এই ম্যাচে না থাকলেও আগামী রবিবার মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রথম ম্যাচটি খেলবেন। হ্যামস্ট্রিংয়ে ইনজুরি পাওয়া মার্সেলো ও ফ্যাবিও কোয়েন্ত্রা এই ম্যাচে খেলতে পারবেন না। আর পায়ের ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা জাভি আলোনসোও থাকছেন দলের বাইরে। তবে ইকার ক্যাসিয়াস এবং সার্জিও রামোস পরিপূর্ণ ট্রেনিং শেষ করে দলে ফিরছেন। এটি আনচেলত্তির দলকে শক্তি যোগাবে। এলচি সেই ১৯৮৯ সালের পর আর লা লিগায় খেলার সুযোগ পায়নি। চলতি মৌসুমের পাঁচ ম্যাচে জয় না পেলেও রিয়াল সোসিদাদ, আলমিরা এবং ওসাসুনার সাথে ড্র করেছে ফ্র্যান এক্রিবার দলটি। রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরি ভর করেছে এলচি শিবিরেও। ইনজুরির কারণে রিয়ালে বিপক্ষের ম্যাচে দলের বাইরে থাকবেন ক্রিশ্চিয়ান সাপুনারু এবং সার্জিও পেলিগ্রিন। লা লিগায় আজ আরো দুটি ম্যাচ আছে। গ্রানাডা নিজেদের মাঠে খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে এবং সেভিয়া স্বাগত জানাবে রায়ো ভ্যালেকানো।