এটিপি র্যাঙ্কিংয়ে টানা ১০০ সপ্তাহ শীর্ষস্থানে থাকার মাইলফলক স্পর্শ করলেন নোভাক জোকোভিচ। র্যাঙ্কিং প্রথা চালু হবার পর টেনিস ইতিহাসের নবম খেলোয়াড় হিসেবে জোকোভিচ এই অনন্য কৃতিত্ব দেখালেন। যদিও টানা ৩০২ সপ্তাহ শীর্ষে থেকে এই তালিকায় সবার ওপরে অবস্থান করছেন রেকর্ড ১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রজার ফেদেরার।
এর আগে এই কৃতিত্ব দেখানো খেলোয়াড়রা হলেন- আন্দ্রে আগাসী (১০১ সপ্তাহ), রাফায়েল নাদাল (১০২), বিওন বর্গ (১০৯), জন ম্যাকেনরো (১৭০), জিমি কর্নস (২৬৮), ইভান লেন্ডল (২৭০), পিট স্যাম্প্রাস (২৮৬) এবং রজার ফেদেরার (৩০২)।
রাফায়েল নাদালকে হটিয়ে ২০১১ সালের জুলাই মাসে প্রথমবারের মতো র্যাঙ্কিং শীর্ষে ওঠেন জোকোভিচ। যেটি ছিল ২০০৪ সালের পর ফেদেরার-নাদালের বাইরে প্রথম কোন খেলোয়াড়ের শীর্ষে ওঠার দৃষ্টান্ত। তবে ২০১২ সালে তিন মাসের জন্য ফেদেরারের কাছে জায়গাটি ছেড়ে দিতে হয় এই ২৬ বছর বয়সীকে। পরে গত বছরের নভেম্বরে আবারো হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করেন তিনি। টানা তৃতীয়বারের মতো শীর্ষে থেকে বছর শেষ করার দারুণ সুযোগ এখন এই সার্বিয়ানের সামনে। তবে সেজন্য তাকে চায়না ওপেনের শিরোপা ধরে রাখার পাশাপাশি প্রার্থনা করতে হবে নাদালের পরাজয়ের জন্যও।
অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচের বর্তমান রেটিং পয়েন্ট ১১,১২০; কিন্তু ১০,৮৬০ পয়েন্ট নিয়ে তার ঘাড়ের উপর নি:শ্বাস ফেলছেন স্প্যানিশ তারকা নাদাল। উভয়েই আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া চায়না ওপেনের জন্য নিজেদের প্রস্তুত করছেন। এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারলেই ২০১১ সালের জুলাই মাসের পরে পুনরায় শীর্ষস্থান ফিরে পাবেন নাদাল।
তবে এক নাম্বার জায়গা নিয়ে এই মুহূর্তে মোটেই ভাবছেন না বলেই দাবি করলেন এবছর মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারা জোকোভিচ। তিনি বলেন. ‘এখনো অনেকগুলো টুর্নামেন্ট সামনে পড়ে আছে। কি করলে কি হবে এমন গাণিতিক হিসাব নিয়ে আমি ভাবছি না। আমি শুধু আমার আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি।’
এদিকে টেনিসের বিগ ফোরের আরেক সদস্য রজার ফেদেরার কয়েকদিনের বিরতি শেষে আগামী মাসে সাংহাই মাস্টার্স দিয়েই ফিরছেন কোর্টে। অন্যদিকে, পিঠের ইনজুরিতে এ বছর আর কোর্টে নামা হচ্ছে না উইম্বলডন শিরোপাজয়ী অ্যান্ডি মারের।
গত সোমবার প্রকাশিত এটিপি র্যাঙ্কিং
র্যাঙ্ক খেলোয়াড় দেশ পয়েন্ট
১. নোভাক জকোভিচ সার্বিয়া ১১১২০
২. রায়ায়েল নাদাল স্পেন ১০৮৬০
৩. এন্ডি মারে যুক্তরাজ্য ৭০৭৫
৪. ডেফিড ফেরার স্পেন ৬৭১০
৫. রজার ফেদেরার সুইজারল্যান্ড ৪৫১৫
৬. টমাস বার্ডিচ চেক প্রজাতন্ত্র ৪৪৬০
৭. হুয়ান মার্টিন ডেল পোত্রো আর্জেন্টিনা ৪৪২৫
৮. জো-উইলফ্রিড সোঙ্গা ফ্রান্স ৩৩২৫
৯. রিচার্ড গ্যাসকোয়েট ফ্রান্স ৩১৬৫
১০. স্ট্যানিসলাস ওয়ারিনকা সুইজারল্যান্ড ৩১
