বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে ৬০% মহার্ঘ ভাতা প্রদান, সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তনসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ বলেন, ২৩ সেপ্টেম্বরে মধ্যে ৫ দফা পূরণের জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের প্রতি আহবান জানানো হয়েছিল। কিন্তু দাবি পূরণে এখনও পর্যন্ত ইতিবাচক সাড়া না পাওয়ায় আন্দোলন সংগ্রামের কর্মসূচি অব্যাহত রাখা ছাড়া আমাদের সামনে বিকল্প কোন পথ নেই।
তিনি বলেন, অবিলম্বে ৬০% মহার্ঘ ভাতা প্রদানসহ ৫ দফা দাবি পূরণ না হলে সারাদেশের কর্মচারী অঙ্গনে যে বিদ্রোহের দাবানল ছড়িয়ে পড়বে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।
আরো বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি, এম. এ. হান্নান, হুমায়ুন কবির টুটুল, শাহাদাত্ হোসেন শহীদ, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, মোঃ সেলিম ভূঞা, কুতুবউদ্দিন সেলিম, মোমিনউদ্দিন, সহ-সভাপতি, মোঃ ছালজার রহমান, ওবায়দুল্লাহ মজুমদার, আব্দুল মতিন, মোঃ মোমিন আহমেদ, আব্দুল মান্নান, আম্বিয়া বেগম পলি, বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল হক, সমন্বয় পরিষদের যুগ্ম-মহাসচিব, মোজাম্মেল হক প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
