নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন সুয়ারেজ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৪
বিতর্কিত লিভারপুল স্ট্রাইকার লুইজ সুয়ারেজ দশ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ মাঠে ফিরছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। মাত্র সপ্তাহ খানেক আগেই প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়া ইংল্যান্ডের সবচেয়ে ঐতিহ্যবাহী দল দুটি ওল্ড ট্রাফোর্ডে আজ লড়বে লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে। সুয়ারেজের প্রত্যাবর্তনে উজ্জীবিত লিভারপুল দু’দলের সর্বশেষ লড়াইয়েরই পুনরাবৃত্তি করতে চাইবে। অন্যদিকে ঐ ম্যাচে হেরে যাওয়া ইউনাইটেডের লক্ষ্য থাকবে মৌসুম শুরুর হতাশা কাটিয়ে জয়ের ধারায় ফেরা। চেলসি ডিফেন্ডার বার্নিস্লাভ ইভানোভিচকে কামড়ে কামড়ে ধরার শাস্তি হিসেবে দশ ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া সুয়ারেজের ফর্ম নিয়ে কোন প্রশ্ন নেই। সন্দেহ যদি কিছু থেকে থাকে তবে তা হচ্ছে এই উরুগুইয়ানের দলের প্রতি নিবেদন নিয়ে। ট্রান্সফার মৌসুমের শুরুতে প্রকাশ্যেই জানিয়েছিলেন, অ্যানফিল্ড ছাড়ার কথা ভাবছেন তিনি। স্বভাবতই সমর্থকরা মোটেই খুশি নন বারবারই বিতর্কিত ঘটনার জন্ম দেয়া এই তারকার উপর। তবে রজার্সের আশা সুয়ারেজের পারফরম্যান্সই অল রেড সমর্থকদের বাধ্য করবে সুয়ারেজকে পছন্দ করতে। পাশাপাশি ২৬ বছর বয়সী এই তারকার প্রতি নিজের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করলেন, ‘এই মুহূর্তে মাঠে নামতে না পারাটা তার জন্য হবে দারুণ কষ্টদায়ক। গত কয়েক সপ্তাহ ধরে সে যেভাবে নিজেকে প্রস্তুত করেছে সেটা সত্যিই অবিশ্বাস্য। দলকে সাহায্য করতে সে উন্মুখ হয়ে আছে। তার প্রতিভা নিয়ে কোন সন্দেহ নেই, আর সে কি করতে পারে সেটাও সবাই জানে। আমার বিশ্বাস সে আগে যা করেছে আবার মাঠে ফিরলে সে ঐ ধরনের কিছুরই পুনর্মঞ্চায়ন করবে।’ সুয়ারেজের ফেরাটা অনেকটা নিশ্চিত হলেও কুচকির চোট এখনো অনিশ্চয়তার মধ্যে রেখেছে স্বাগতিকদের প্রধান স্ট্রাইকার রবিন ফন পার্সিকে। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচেও দর্শক হয়েই ছিলেন এই ডাচ তারকা। সেক্ষেত্রে দুর্দান্ত ফর্মে থাকা ওয়েইন রুনিকেই মূল স্ট্রাইকারের ভূমিকায় খেলাবেন ইউনাইটেড কোচ ডেভিড ময়েস। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ১-০ গোলে হারের পর সিটির বিরুদ্ধে হেরে গত নয় বছরের মধ্যে সবচেয়ে বাজেভাবে মৌসুম শুরু করার নজির সৃষ্টি করেছে ইউনাইটেড। ফলে সমর্থকরা মোটেই খুশি নন প্রিয় দলের পারফরম্যান্সে। লিভারপুলের পাশাপাশি ইউনাইটেডকে তাই লড়তে হবে চাপের বিরুদ্ধেও। অ্যালেক্স ফার্গুসনের উত্তরসুরী হিসেবে ময়েসের মেয়াদ কতটা দীর্ঘ হবে তার একটা উত্তরও মিলতে পারে আজ। লিগে বাজে শুরুর করে এমনিতেই চাপে থাকা ময়েসের জন্য কঠিন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে আজ। তবে আজকের দিনটাকে আলাদা একটা দিন হিসেবেই দেখতে চাইছেন সাবেক এভারটন কোচ। সামপ্রতিক বাজে ফলের প্রভাব এই ম্যাচে পড়বে না বলেই তার বিশ্বাস, ‘কোন ম্যাচে হারাটা কারো জন্যই সুখকর নয়। সেটি একজন খেলোয়াড় হিসেবেই হোক কিংবা সমর্থক। লিভারপুলের সঙ্গে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে আমরা খুশি। এটি হবে আমাদের জন্য একটি আদর্শ ম্যাচ। লিভারপুলের বিপক্ষে যে কোন ম্যাচ আমাদের কাছে সমান গুরুত্বের। হতে পারে সেটি ক্যাপিটাল ওয়ান কাপ, কিংবা প্রিমিয়ার লীগ। এমনকি প্রদর্শনী ম্যাচও। জয় পাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ একটি জয় আমাদের মন থেকে অতীতের ব্যর্থতা মুছে দিতে পারে।’ পরিসংখ্যান বিচারে ম্যাচে অবশ্য এগিয়ে থাকবে লিভারপুলই। লিগ কাপে এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়ে তিনবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে স্টিভেন জেরার্ডের দল। তবে ফুটবল ভক্ত মাত্রই জানেন ইংল্যান্ডের সবচেয়ে ঐতিহ্যবাহী এই ফুটবল লড়াইয়ে শেষ পর্যন্ত ফেভারিট নয় কেউই।