জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুত কারক প্রতিষ্ঠান পুমার সঙ্গে নিজের স্পন্সরশীপ চুক্তি নবায়ন করেছেন স্প্রিন্ট কিং উসাইন বোল্ট। পুমা কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার জানিয়েছে, ২০১৬ রিও অলিম্পিক পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন বোল্ট।
ছয় বারের অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট ২০০৩ সাল থেকে পুমার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন। পুমার প্রধান নির্বাহী কর্মকর্তা বিয়র্ন গুলডেন বলেন, ‘এখনকার মতো ২০১৬ রিও অলিম্পিক গেমস পর্যন্ত এবং এমনকি তার পরও আমাদের পণ্যের প্রচারণায় বোল্ট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন।’ চুক্তিতে আর্থিক বিষয়টি উল্লেখ করা হয়নি তবে ফোর্বস ম্যাগাজিন সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী বোল্ট বছরে ৯ মিলিয়ন ডলার পাবেন। গত সপ্তাহে বোল্ট জানিয়েছেন, ২০১৬ অলিম্পিকের পরই তিনি হয়তোবা অবসর নিচ্ছেন না।
এএফপি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাত্কারে ২৭ বছর বয়সী বোল্ট বলেন, ‘আমার মনে আমার স্পন্সর এবং সবাই চাচ্ছে আমি খেলাটা চালিয়ে যাই। আমার ভক্তরাও বলছে আমার চালিয়ে যাওয়া উচিত। সুতরাং আমাকে বসতে হবে এবং এ বিষয়ে চিন্তা করতে হবে।’ -বাসস
