সমাজে চালাক চতুর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু বুদ্ধিমান লোকের সংখ্যা বাড়ছে না বললেই চলে। ফলে আমরা সমাজের প্রায় সব জায়গায় মানুষের চালাকিভাব দেখতে পাচ্ছি। কিন্তু বুদ্ধিমত্তার প্রকাশ দেখতে পাচ্ছি না। আমরা যদি নানা অজুহাতে কাজে ফাঁকি দিতে পারি কিংবা যে করেই হোক নিজের অন্যায় স্বার্থ চরিতার্থ করতে পারি কিংবা অন্যকে ঠকাতে পারি কিংবা অন্যকে বিপদগ্রস্ত করতে পারি কিংবা নিজেকে নিরাপদ রেখে একজনের সঙ্গে আরেকজনের গণ্ডগোল লাগাতে পারি তাহলেই আমরা নিজেকে চালাক মনে করি। শুধু তাই নয়, আমরা চালাক চতুর ও বুদ্ধিমানের পার্থক্য না বোঝার কারণে নিজেকে এক ধরনের বুদ্ধিমানও ভাবতে শিখি। অথচ সমাজের লোক কী ভাবছে সেই দিকে খেয়াল করি না। আমি চালাক-চতুর হওয়াকে খারাপ চোখে দেখছি না। যে ধরনের চালাকি নিজের, মানুষের কিংবা সমাজের কোনো উন্নতি বা উন্নয়ন ঘটাতে পারে না, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, তার কোনো মূল্য থাকতে পারে না। আর তাই তা পরিহার করাই হবে সত্যিকারের বুদ্ধিমানের কাজ। আমাদের নিজেদের বিবেক বুদ্ধির চর্চা করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
