যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মত প্রকাশের অধিকার খর্ব করার প্রক্রিয়ায় নতুন করে কবি, আইনজীবী ও মানবাধিকার কর্মীদের গ্রেফতার শুরু করেছে বাংলাদেশ সরকার। ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার মতো অস্পস্ট সব অভিযোগে এসব গ্রেফতারের ঘটনা ঘটছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই কথা বলেছে সংগঠনটি।
সম্প্রতিকালে মানবাধিকার কর্মী আব্দুল কাইয়ুম, বিশিষ্ট কবি হেনরী স্বপন, আইনজীবী ও লেখক ইমতিয়াজ মাহমুদকে তথ্য প্রযুক্তি আইনের আওতায় গ্রেফতার দেখানো হয়েছে। এই আইনটি ২০১৮ সালে পাশ করা হয়। এই গ্রেফতারের সমালোচনা করে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, বাংলাদেশ সরকারের শিগগিরই গ্রেফতারের মতো কর্মকাণ্ড বন্ধ করা এবং মুক্ত মত প্রকাশে বাধা দেওয়ার আইন পর্যালোচনা করা উচিত। তিনি আরো বলেন, এসব গ্রেফতারের ঘটনায় প্রমাণ হয় বাংলাদেশে সুশীল সমাজের জায়গা কতটা সংকুচিত হয়েছে।
এদিকে গত বুধবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, জনগণের শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখানো উচিত বাংলাদেশ কর্তৃপক্ষের।
