দিন বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের চাহিদা ও রুচিতে। পরিবর্তন এসেছে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই। পোশাক-পরিচ্ছদেও লেগেছে নতুনত্বের ছোঁয়া। আর এসব পরিবর্তন যারা করবে এবং যেভাবে করবে, তাদেরই হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ দিয়ে দেশের বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিজিএমআই)।
বাংলাদেশ গার্মেন্ট সেক্টর থেকে প্রতি বছর অর্জন করছে প্রচুর বৈদেশিক মুদ্রা। এই খাতে সফল ক্যারিয়ার গড়তে ভূমিকা রাখছে বিজিএমআই। অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন ও ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন মেকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর উপর ১ বছর মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয় এই প্রতিষ্ঠানটিতে। ৬ মাসের কোর্স সম্পন্ন করতে সাড়ে ১২ হাজার এবং এক বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে। ০১৯১১৫৬২৬৭৭, ৮৯২১২৯৫ নম্বরে ফোন করে খরচ এবং পড়ালেখা সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন।
পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং, কনজাম্পশন ইত্যদি সম্পর্কে শুধু প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণার্থীদের এমনভাবে গড়ে তোলা হয় যেন বাস্তব ক্ষেত্রে তাদের জড়তা কাটিয়ে একজন ভালো কমিউনিকেটর বিহেভিয়ার, ভাষাগত সমস্যা সমাধান করে জব মার্কেট উপযুক্ত হতে পারে।
এখানে গার্মেন্ট বিষয়েই শিক্ষা প্রদান করা হয়। যেমন ফ্যাশন ডিজাইনে ইন্ট্রোডাকশন টু ফ্যাশন, ইলেমেন্টস অব ডিজাইন, টেক্সটাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনলজি, টেক্সটাইল টার্মিনলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট, সিস্টেম প্রভৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। যারা এসব বিষয়ে পড়াশোনা শেষ করেছে এবং যাদের রয়েছে এসব বিষয়ে অভিজ্ঞতা, তারাই এখানকার শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে।
এসব বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পর গার্মেন্টস সেক্টরে, বুটিক হাউজগুলোতে চাকরিসহ বিজনেস করা যেতে পারে। প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিজিএমআই-এর সিইও মো. মোনায়েম ভূঁইয়া বলেন, ‘পোশাক শিল্প আমাদের দেশের একটি সম্ভাবনাময় শিল্প। এখানে সবসময় পর্যাপ্ত পরিমাণ লোকবল প্রয়োজন হয়। তাই এর চাহিদা কখনও শেষ হবে না।’ প্রতিষ্ঠানের ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘বিজিএমআইকে আমরা এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই যেন এখানে শিক্ষার্থীরা এই বিষয়গুলো পড়তে উত্সাহ পায় এবং গার্মেন্ট সেক্টরকে আরও সমৃদ্ধ করতে পারে।’ ফ্যাশন ডিজাইনিং ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে যেকোনো বিষয়ে এইচএসসি/ সমমান ও মার্চেন্ডাইজিং এবং এইচআর কোর্সে যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। আগামী ব্যাচের ক্লাস শুরু হবে ৪ অক্টোবর থেকে।
যোগাযোগ :বাড়ি-৪, রোড-১২, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।
