অস্থিরতায় শেয়ারবাজারে বস্ত্র খাতের লেনদেন কমেছে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৯
গত কয়েকদিন ধরে শেয়ারবাজারের লেনদেন ছিল বস্ত্র খাত ঘিরে। এ খাতে লেনদেনের পরিমাণ ছিল ১০০ কোটি টাকা বা তারও বেশি। এ খাতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে অস্থিরতা তীব্র হয়ে উঠায় এ খাতের কোম্পানিগুলোর শেয়ার লেনদেনে ভাটা পড়েছে। গতকাল বুধবার এ খাতে লেনদেন হয়েছে ৬৭ কোটি টাকা। এ খাতের লেনদেন কমে যাওয়ায় বাজারের মোট লেনদেনও কমে গেছে। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৩২ লাখ ১৭ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ১৪৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৯০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের অর্থ সংগ্রহ ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে। স্থানীয় অধিবাসীদের জন্য প্রতিষ্ঠানটির আইপিও আবেদন ৭ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। প্রবাসী বিনিয়োগকারীরা ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটি ২ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে মোট ২৭ কোটি ৫০ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আর শেয়ার লট নির্ধারণ করা হয়েছে ৫০০। আইপিও থেকে সংগৃহীত অর্থ কোম্পানির ব্যাংক ঋণ এবং আইপিও খাত বাবদ ব্যয় করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে রহিমা আফরোজের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রেক্ষিতে গতকাল বুধবার কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত রাখা হয়। তবে আজ কোম্পানির লেনদেন যথারীতি হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে। একই কারণে মঙ্গলবার সিভিও পেট্রেকেমিকেলের লেনদেন স্থগিত করা হয়। এ সংক্রান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ কোম্পানির লেনদেন বন্ধ থাকবে বলে ডিএসই সূত্র নিশ্চিত করেছে।