দেশের দাবার দুই তারকা গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এবং জিয়াউর রহমান জিয়া আজ মুখোমুখি হচ্ছেন ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলায়। বিওএ ভবনে লড়াই শুরু হবে বিকাল তিনটায়। গতকাল পঞ্চম রাউন্ডে ঢাকা মোহামেডানের গ্র্যান্ডমাস্টার জিয়া ড্র করেছেন দুরন্ত রাজশাহীর গ্র্যান্ডমাস্টার ও আব্দুল্লাহ আল রাকিবের সাথে। জিয়া ও রাকিব চার পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ঢাকা মোহামেডানের আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ হারিয়েছেন গোল্ডেন চেস ক্লাবের শফিক আহমেদকে। সাড়ে তিন পয়েন্ট নিয়ে নিয়াজ তৃতীয় স্থানে রয়েছেন। পঞ্চম রাউন্ড শেষে সাড়ে চার পয়েন্ট নিয়ে তালিকায় এককভাবে শীর্ষে চলে এসেছেন আনসারের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর।
