নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে অবরোধ ও বিদ্যুত্ অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। বুধবার বারইয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘন্টা অবরুদ্ধ থাকার পর পৌর মেয়র তাহের ভুঁইয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা গ্রাহকরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লোডশেডিংয়ের প্রতিবাদে সকাল সাড়ে ৯টার দিকে ব্যবসায়ীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শুরু করে। আন্দোলনরত ব্যবসায়ীদের সাথে সাধারণ মানুষও একাত্মতা পোষণ করে সমাবেশে অংশ নেয়। বিক্ষুব্ধ গ্রাহকরা পল্লী বিদ্যুতের বারইয়ারহাট এরিয়া অফিস ঘেরাও করে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম ছিদ্দিকুর রহমান বলেন, মিরসরাইতে ১৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে ৬ মেগাওয়াট সরবরাহ পাওয়া যায়। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুত্ দিতে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বারইয়ারহাট এরিয়া অফিসের ইনচার্জ শাহীনুল ইসলামকে অপসারণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবো।
