চলতি অধিবেশনেই পাস হচ্ছে দুদক আইন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫১
জাতীয় সংসদের চলতি অধিবেশনেই দুর্নীতি দমন কমিশন আইন (সংশোধনী) পাস হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, এ আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরো শক্তিশালী হবে। মঙ্গলবার রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) সহযোগিতায় বাংল?াদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, আইনটিকে সময়োপযোগী করার জন্যই এতে পরিবর্তন আনা হচ্ছে। তিনি বলেন, বিচারের দীর্ঘসূত্রতা কমানোর জন্য সরকার ইতিমধ্যেই বিচারকের সংখ্যা বাড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়ানো হবে। আইনমন্ত্রী মত প্রকাশ করেন, দুদক শুধু মামলা-মোকদ্দমা করেই দুর্নীতি দমন করতে পারবে না। এজন্য প্রাথমিক শিক্ষা ও তৃণমূল পর্যায় থেকে মানুষকে দুর্নীতির বিষয়ে সচেতন করতে হবে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, মিডিয়া থেকে কিছু তথ্য পেয়ে আমরা অনুসন্ধান করি, তাই সাংবাদিকদের উচিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।