তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. মাসুম খন্দকার (৩৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাতে নোয়াপাড়া-দক্ষিণ রূপসী এলাকায় এ ঘটনা ঘটে। মাসুম ওই এলাকার মো. ফজর আলী খন্দকারের ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। এ বিষয়ে আহত ব্যবসায়ীর বাবা মো. ফজর আলী খন্দকার বাদী হয়ে রূপগঞ্জ থানায় শুক্রবার দুপুরে একটি অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা পুলিশ ও মাসুমের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে একজন ভিখারি নোয়াপাড়ায় হাজী দারগালি জামে মসজিদে আসরের নামাজের সময় সাহায্য চাইতে আসেন। এ সময় স্থানীয় মাদক কারবারী মোস্তফা ওই ভিখারিকে ধমক দিতে থাকে। তখন মাসুমের বাবা ফজর আলী মোস্তফাকে ধমক দিতে নিষেধ করলে মোস্তফা তার ওপর ক্ষিপ্ত হয়। এ সময় অন্যান্য মুসল্লির সঙ্গেও মোস্তফার বাকবিতণ্ডার এক পর্যায়ে মাসুম খন্দকার প্রতিবাদ জানান। মোস্তফা এতে ক্ষিপ্ত হয়ে মাসুমকে হুমকি দিয়ে চলে যায়। তারাবির নামাজ শেষে মাসুম খন্দকার মসজিদ থেকে বের হতেই তার ওপর অতর্কিতে হামলা চালায় মাদক কারবারীরা। এ সময় ওই এলাকার মাদক কারবারী মো. ইসহাকের ও মোস্তফার নেতৃত্বে এলাকার মো. ছবুর ও ইউসুফসহ তাদের লোকজন মাসুমের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে মোস্তফা চাপাতি দিয়ে মাসুমকে কোপ দেয়। এ সময় তার ভাই ছবুর ব্লেড দিয়ে পোঁচ দিলে মাসুমের মুখে গভীর ক্ষত হয়। পরে মাদক কারবারী ইসহাক, রাশিদা ও ইউসুফ লোহার পাইপ ও রড দিয়ে মাসুমকে পিটিয়ে জখম করে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
