বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা গতকাল বুধবার দুপুরে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। এ সময় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে শিক্ষার্থী ও অভিভাবকদের সরিয়ে দেয়। পুলিশের এমন আচরণের কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার বীরগঞ্জ উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল উপজেলা পরিষদ কার্যালয়ে মিছিল নিয়ে ঘেরাও করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবক। সেখানে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা তাদের শান্ত করার চেষ্টা করলে শিক্ষার্থী ও অভিভাবকরা মিছিল নিয়ে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে।
