রিভিউ পিটিশনের নিষ্পত্তি ছাড়া ফাঁসি নয়

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার পক্ষে রিভিউ পিটিশনের নিষ্পত্তি ছাড়া তার ফাঁসির রায় যেন কার্যকর করা না হয়। তিনি বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করার জন্য প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা আছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, সরকারি পক্ষ আব্দুল কাদের মোল্লাকে তার রিভিউ করার অধিকার থেকে বঞ্চিত করে ফাঁসির আদেশ কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু সংবিধানে রিভিউ করার যে বিধান রয়েছে সেটাই দেশের সর্বোচ্চ আইন এবং এই আইনে যা আছে সেটিকে আমরা কার্যকর দেখতে চাই। বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার মওদুদ এসব কথা বলেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফোরামের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, কাদের মোল্লার মামলার বিচার প্রক্রিয়া প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়েছে বলে আমরা মনে করি না। সেই কারণে এই মামলার বিচারিক কার্যক্রম আজ আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ। সরকার তাদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এই মামলা দায়ের করেছিলো। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার ঐতিহ্যগত প্রেক্ষাপটে নিম্ন আদালতের রায়ের পর আইন সংশোধন করে বাদী পক্ষকে (সরকার) আপিলের সুযোগ করে দেয়া এবং ওই আদালতের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে দেশের সর্বোচ্চ আদালত (আপিল বিভাগ) কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ দেয়া নজীরবিহীন।