‘অধিকার’ সম্পাদকের জামিন না-মঞ্জুর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে গ্রেফতার মানবাধিকার সংস্থা ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রর জামিনের আবেদন না-মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। গত ১৯ সেপ্টেম্বর আদিলুরের জামিন চেয়ে আবেদন করা হয়। ওইদিন এ আদালতে কোন পিপি নিয়োগ না হওয়ায় এ সংক্রান্ত শুনানির জন্য গতকাল দিন ধার্য করা হয়েছিল। গতকাল বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জামিন শুনানি করেন তার আইনজীবীরা। আদিলুরের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও আসাদুজ্জামান প্রমুখ জামিন আবেদনের শুনানি করেন। শুনানিতে তারা আদালতে বলেন, আসামি একজন আইনজীবী। সাবেক ডেপুটি এটর্নী জেনারেল। কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদিলুরকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ মামলার সকল ধারা জামিনযোগ্য। এক মাসেরও বেশি সময় ধরে তিনি কারাগারে আছেন। ন্যায় বিচারের স্বার্থে তার জামিন মঞ্জুর করা হোক। অন্যদিকে, এখনো ওই ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ না হওয়ায় দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মো. কবির হোসেইন রাষ্ট্রপক্ষে আদালতে এ জামিন আবেদনের বিরোধিতা করেন। প্রায় ১ ঘণ্টা শুনানি পর সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক একেএম শামসুল আলম এ আদেশ দেন। একই সঙ্গে এ মামলার পলাতক আসামি ‘অধিকার’ -এর পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামি ২১ অক্টোবর দিন ধার্য করেন।