ইউএসটিসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
দুই অনুষদের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সভায় গতকাল বুধবার বিকালে এ সিদ্ধান্ত নেয়। তবে ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষাসহ অন্যান্য দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে। খুলশী থানার ওসি মো. মাইনুল ইসলাম ভুঁইয়া বলেন, কোনো পক্ষ অভিযোগ না করায় এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র মিথুন চৌধুরীকে মাথায় চাপাতি দিয়ে কোপ দেয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল ও কলেজের কয়েকজন ছাত্র। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর মিথুনের সহপাঠী বিবিএ অনুষদের শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের শিক্ষার্থীদের মারামারি লেগে যায়। এ সময় উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ছাত্র মিঠুনকে বঙ্গবন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।