সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা মামলায় পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ এবং তিন প্রকৌশলীর জামিন আবেদন উপস্থাপিত হয়নি বলে, জামিন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ গতকাল বুধবার পৃথকভাবে এই আদেশ দেন। তবে অপর এক প্রকৌশলী রফিকুল হাসান রাসেলকে ৬ মাসের জামিন দিয়েছে আদালত।
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে কয়েক হাজার শ্রমিকের হতাহতের ঘটনায় রাজউক এর পক্ষ থেকে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরদিন ওই ধসের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সাভার মডেল থানার উপ-পরিদর্শক ওয়ালি আশলাফ খান আরেকটি মামলা দায়ের করেন। এসব মামলায় তারা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। শুনানি শেষে আদালত সাবেক পৌর মেয়র ছাড়াও তিন প্রকৌশলী ইনতেহাম হোসেন, মো. আলম মিয়া ও মো. রফিকুল ইসলামের জামিন আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। আসামিদের সকলেই বর্তমানে কারাগারে রয়েছেন।
