চলতি (২০১৩-১৪) অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ২৭ কোটি ৩৫ লাখ ডলারের সমপরিমাণ অর্থ ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা। এর মধ্যে ৫ কোটি ৮২ লাখ ডলার অনুদান এবং ২১ কোটি ৫৩ লাখ ডলার ঋণ রয়েছে। এসময়ে সুদ আসল বাবদ পরিশোধ করা হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ডলারের সমপরিমাণ যা দেশীয় টাকায় ৮৫ কোটি ৯৫ লাখ টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের নিকট থেকে ৬ কোটি ৩১ লাখ ডলারের সমপরিমাণ প্রতিশ্রুতি পাওয়া গেছে যা আগের বছরে একই সময়ে ছিলো ৫৭ কোটি ৯৬ লাখ ডলার। গত বছরের একই সময়ে অর্থছাড় হয়েছিলো ৩২ কোটি ৬৪ লাখ ডলারের সমপরিমাণ। সে হিসেবে প্রতিশ্রুতি ও অর্থছাড় দুটোই কমেছে। ফলে প্রতিশ্রুতি ও অর্থছাড়ে ফারাক বাড়ছেই। বাড়ছে পাইপলাইনের পড়ে থাকা অর্থের পরিমাণ। কাঙ্ক্ষিত অর্থছাড় না হওয়ায় বৈদেশিক সাহায্যের বেশিরভাগই চলে যাচ্ছে আগের ঋণ পরিশোধে। প্রকল্পের জন্য থাকছে খুব কম সাহায্য।
পরিশোধের চিত্রে দেখা যায়, বিগত বছরের প্রথম দুই মাসে ১৪ কোটি ৫৫ লাখ ডলারের সমপরিমাণ সুদ-আসল বাবদ পরিশোধ করা হলেও এ বছরের দুই মাসে পরিশোধ করা হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ডলারের সমপরিমাণ, যার মধ্যে সুদ ৪ কোটি ২৬ লাখ ও আসল ১২ কোটি ৫৮ লাখ ডলার।
